• NEWS PORTAL

  • সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

জবির পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ

প্রকাশিত: ২২:৪৮, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৫২, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জবির পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে আহ্বায়ক ও সদস্যসচিব মনোনীত করা হয়েছে। এতে ২০০১-২০০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম রফিককে আহ্বায়ক এবং ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল খায়ের ফরাজিকে সদস্যসচিব করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২৮ নভেম্বর ২০২৬ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অ্যালামনাইদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তারেক। এতে বিভিন্ন শিক্ষাবর্ষের অ্যালামনাইদের পাশাপাশি বিভাগের শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ, সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং সহকারী অধ্যাপক সানোয়ার হোসেন।

সভায় পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত অ্যালামনাইরা গঠনতন্ত্রের বিভিন্ন ধারা ও বিষয় নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কাঠামো, ভবিষ্যৎ কার্যক্রম, পরিচালনা পদ্ধতি এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র চূড়ান্ত করা এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে ১১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০০১-২০০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম রফিককে আহ্বায়ক এবং ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল খায়ের ফরাজিকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ৭ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে ৯ জন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: