• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিবেন না শাকিব খান

প্রকাশিত: ১৮:১৪, ৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিবেন না শাকিব খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছর মেয়াদী কমিটির মেয়াদ শেষের দিকে। বলতে গেলে দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে একে ঘিরে আলোচনা ও উন্মাদনা।

বর্তমানে প্যানেল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। সভাপতি ইলিয়াস কাঞ্চন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর থেকে আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে শাকিব খানকে প্যানেলের নেয়ার জোর চেষ্টা চালাচ্ছেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। গত শনিবার সমিতির পিকনিকে এ কথা জানিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক অমিত হাসান। তবে শাকিব এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও এক দায়িত্বশীল সূত্র জানিয়েছেন ঢালিউড সুপারস্টার নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নন।

শিল্পী সমিতির বনভোজনের দিন নায়ক অমিত হাসান জানান, তিনি নিজেও নিপুনের প্যানেল থেকে নির্বাচন করবেন। পাশাপাশি শাকিব খানকেও তাদের প্যানেলে আনার চেষ্টা চালাচ্ছেন। তবে শাকিব নির্বাচনে অংশ নেবেন কিনা জানার চেষ্টা করা হলেও তার সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দায়িত্বশীল সূত্র জানায়, শাকিব নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নন। নির্বাচনে তাকে নেয়ার জন্য একাধিকবার তদবির করা হলে শাকিব হাসিমুখে ‘না’ বলে দিয়েছেন।

ঢালিউড সুপারস্টারের ঘনিষ্ঠরা জানান, চলচ্চিত্রকে এগিয়ে নিতে হলে ভালো ভালো সিনেমা করতে হবে। আর ভালো সিনেমা করার জন্য চেষ্টা মূখ্য, সমিতি বা নির্বাচন নয়। তাই এফডিসির শুধু শিল্পী সমিতি কেনো, কোনো নির্বাচন নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না এই সুপারস্টার।

আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। তার আগে রমজান মাস জুড়ে শুরু হবে ভোটের প্রচারণা। শাকিব তখন ‘তুফান’ সিনেমার শুটিংয়ে চেন্নাই থাকবেন। তাছাড়া ঈদে তার ‘রাজকুমার’ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি একযোগে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্যে মুক্তি পাবে। এ কারণে তিনি প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। তাই শাকিবের নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা নেই। তবে তিনি চান, এফডিসিতে কাজের পরিবেশ ফিরে আসুক।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, এর আগে ২০১৪ সাল থেকে টানা দুইবার সভাপতি পদে জয়ী হয়েছিলেন শাকিব। তার মেয়াদে সমিতির সৌন্দর্য বৃদ্ধি, বাগান তৈরিসহ শিল্পীদের স্বার্থরক্ষায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছিল। শাকিব সভাপতি থাকাকালীন সকল শিল্পীদের মধ্যে একতা ছিল। পারস্পরিক বন্ধন অটুট ছিল। শিল্পীর বিপদে তাকে দূরে ঠেলে দেয়া হতো না। ইন্ডাস্ট্রিতে কাজের সুষ্ঠু পরিবেশ ছিল। তার পরবর্তীকালে যারাই ক্ষমতায় এসেছেন, তারা শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট সঠিক সিদ্ধান্ত নেননি। শিল্পীদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, একতা নেই। অনেকেই তাই সমিতি বিমুখ।

২০২২-২৩ নির্বাচনের আগেও শাকিবকে সভাপতি হিসেবে চেয়েছিলেন নিপুণ। তিনি না করায় ইলিয়াস কাঞ্চনকে নিয়ে প্যানেল করেন এই নায়িকা। তবে আসন্ন নির্বাচনে ইলিয়াস কাঞ্চনও অংশ নেবেন না জানিয়ে বলেছেন, অনেক দুঃখ নিয়ে শিল্পী সমিতি থেকে বিদায় নিচ্ছি। নির্বাচনের পর থেকেই সমিতির একটা পদ নিয়ে মামলা মোকদ্দমা কত কিছু করেছেন। কিন্তু শিল্পী সমিতি ও শিল্পীদের স্বার্থ তো আলাদা জিনিস। এই বিষয়টাই কেউ বুঝতে চাইল না।

এদিকে, শাকিব খান নির্বাচনে অংশ নিতে অনাগ্রহ দেখানোয় সেকেন্ড অপশন হিসেবে আলমগীর, ববিতা, মৌসুমী, অনন্ত জলিলের কাছেও সভাপতি পদে নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তাব গেলে তারাও রাজি হননি বলে শোনা যাচ্ছে।  শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত নিপুনের প্যানেল থেকে সভাপতি প্রার্থী হতে পারেন অমিত হাসান অথবা রিয়াজ!

এছাড়া সভাপতি পদে লড়াইয়ের জন্য নায়ক অনন্ত জলিলকেও প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমে তিনি বলেন, 'নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ও আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম, প্রযোজক ইকবাল, মোহাম্মদ হোসেন, নিপুণসহ হোটেল ওয়েস্টিনে বসেছিলাম। নির্বাচন করলে এর পিছনে যত সময় দিতে হয় ততটা আমার কাছে নেই। চলচ্চিত্রকে ভালোবাসি সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, সবার বিপদে আমি পাশে থাকবো। কিন্তু আমি বলেছি নির্বাচন করার মতো সময় আমার হাতে নেই।'

এদিকে চলচ্চিত্রের দুই শক্তিমান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর এক হয়ে নির্বাচন করছেন বলে জানিয়েছেন। প্যানেলে সভাপতি পদে লড়বেন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল।

উল্লেখ্য, আগামী ৩০ মার্চ থেকে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। প্রাথমিক ভোটার তালিকার প্রকাশ আগামী ২৪ মার্চ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ২৮ মার্চ।

পাশাপাশি আগামী ৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহার ৭ এপ্রিল। একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

বিভি/জোহা/রিসি

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত