মুক্তির দেড় বছর পর আবারও সিনেপ্লেক্সজুড়ে প্রদর্শিত হতে যাচ্ছে ‘পরাণ’
দেশের শোবিজ জগতে এ সময়ের আলোচিত ও সফল নির্মাতা রায়হান রাফি। তার সকল নির্মাণে তিনি নিত্যনতুন চমকের উপহার দিয়ে থাকেন এবং তার অধিকাংশ নির্মাণই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়ে থাকে। ২০২২ সালের (১০ জুলাই) ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল সত্য ঘটনায় অনুপ্রাণিত কাহিনী নিয়ে ত্রিভুজ প্রেমের সিনেমা ‘পরাণ’।
রায়হান রাফীর পরিচালনায় ছবিটি মুক্তির পর দেশজুড়ে তুমুল আলোড়ন তোলে। ব্যবসায়িক দিক দিয়ে হয় ব্লকবাস্টার। পরাণের শরিফুল রাজ, বিদ্যা সিনহা মীম ও ইয়াশ রোহানের ত্রিভুজ প্রেমের গল্পে বিমোহিত হয়েছিল সিনেপ্রেমীরা। সেই ‘পরাণ’ দেড় বছর পর আবার চলবে সিনেপ্লেক্সজুড়ে। এমনটাই নিশ্চিত করলেন স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ খবরটি জানিয়ে বলেন, “এই মুহূর্তে কনটেন্টের একটা অভাব তো আছে। তাছাড়া ‘ডিউন: পার্ট টু’ ছবিটি মোটামুটি চলছে; আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল আরকি। তাই সব দিক বিবেচনা করে ‘পরাণ’ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছবি ঘিরে দর্শকের তো একটা আগ্রহ ছিল, আছে। সেজন্যই পুনরায় ছবিটি পর্দায় তুলছি।”
তিনি জানান, শুক্রবার (৮ মার্চ) থেকে সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার (মিরপুর), বালি আর্কেড (চট্টগ্রাম)-এর শাখাগুলোতে ‘পরাণ’ চলবে। শুক্রবার থেকে চারদিন তিন শাখায় ১০টি শো চলবে! পরের তিনদিন সাতটি শো চলবে। রমজানের মধ্যে যদি দর্শক সিনেমা দেখতে থিয়েটারে আসেন তবে আমরা ‘পরাণ’র শো কন্টিনিউ করবো।
স্টার সিনেপ্লেক্সের এই কর্মকর্তা আরও বলেন, 'মানসম্মত নতুন সিনেমা আসছে না। যেসব সিনেমাগুলো নিকট অতীতে সাড়া ফেলেছিল সবগুলো ওটিটিতে পাওয়া যাচ্ছে। একমাত্র ‘পরাণ’ ওটিটিতে নেই। এ কারণে আমরা ‘পরাণ’ প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগেও দুবার এভাবে প্রদর্শন করেছিল। তখনও বেশ ভালো চলে ছবিটি। তাছাড়া মুক্তির পর সিনেপ্লেক্স থেকে ‘পরাণ’ রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল।'
মেসবাহ জানালেন, যদি ‘পরাণ’ থেকে ইতিবাচক সাড়া মেলে, তাহলে এই মাসে আরও কয়েকটি আলোচিত বাংলা ছবি তারা চালাবেন। রমজানের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের হল বরাবরই রমজান মাসে চালু থাকে। কেবল ইফতারের সময়ের শো বন্ধ রাখা হয়। তো এবারও যথানিয়মে চলবে।’
প্রসঙ্গত, লাইভ টেকনোলজিস এর প্রযোজনায় নির্মিত ‘পরাণ’ শুধু বাংলাদেশ নয়, মুক্তির পর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে ব্যাপক সাফল্য পেয়েছিল। এই ছবিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন, নাসির উদ্দিন, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ।
উল্লেখ্য, বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমা "‘পরাণ’" ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ২০২২ সালে একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
বিভি/জোহা/রিসি













মন্তব্য করুন: