‘দৃশ্যম ৩’-এর বিশ্বজুড়ে দাপট, ৩০০ কোটি ছাড়াল আয়
অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩’ মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে। শুক্রবার দুর্দান্ত উদ্বোধনের পর সপ্তাহান্তেও ছিল দারুণ ব্যবসা। তবে সোমবার আয় কিছুটা কমলেও গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি।
মুক্তির চতুর্থ দিনে ভারতে ২১ কোটি রুপি আয় করেছে ‘দৃশ্যম ৩’। রবিবারের ৬১ কোটি রুপির তুলনায় সোমবার আয় কমেছে প্রায় ৬৫ শতাংশ। এরপর ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৯৭ কোটি ৫০ লাখ রুপি। ভারতীয় গ্রস আয় ২৩৭ কোটি রুপি, আর বিদেশ থেকে এসেছে আরও ৫ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় পৌঁছেছে প্রায় ৩০৩ কোটি রুপিতে।
শুক্রবার ৬২ কোটি রুপি আয় দিয়ে যাত্রা শুরু করে ‘দৃশ্যম ৩’। এটি অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং। পাশাপাশি শাহরুখ খানের ‘জওয়ান’ ও রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পর কোনো হিন্দি সিনেমার তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী সংগ্রহ হিসেবেও জায়গা করে নিয়েছে।
বিশেষ করে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য প্রশংসা কুড়াচ্ছে দর্শকদের কাছ থেকে। চিত্রনাট্যকার আমিল কিয়ান খান জানিয়েছেন, সিনেমাটির সমাপ্তি ঠিকঠাক করতে তিনি ১০০টিরও বেশি খসড়া লিখেছিলেন। তার ভাষায়, ‘দৃশ্যম’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির গল্প লেখা ছিল বিশাল চ্যালেঞ্জ।
‘দৃশ্যম ৩’-এ বিজয় সালগাঁওকর চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। সঙ্গে রয়েছেন তাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, ইশিতা দত্ত, মৃণাল যাদব ও কমলেশ সাওয়ান্ত। নতুন সংযোজন হিসেবে দেখা গেছে জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজকে। সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।
বিভি/জোহা













মন্তব্য করুন: