• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বোনের কল্পনায় পোস্টারে রণবীর, কয়েক বছর পর সত্যিই হলেন নায়ক

প্রকাশিত: ১৭:১০, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বোনের কল্পনায় পোস্টারে রণবীর, কয়েক বছর পর সত্যিই হলেন নায়ক

রণবীর সিং

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের অভিনয়জীবনের শুরুটা যেন হয়েছিল পর্দায় পা রাখার আগেই। নিজের ২৩তম জন্মদিনে বড় বোনের কাছ থেকে এমন এক উপহার পেয়েছিলেন তিনি, যা আজও তার কাছে বিস্ময়ের। জনপ্রিয় দুই সিনেমা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ও ‘ধুম’-এর পোস্টারে শাহরুখ খানের মুখ সরিয়ে সেখানে বসানো হয়েছিল রণবীরের মুখ। অথচ তখনও অভিনয় জগতে পা রাখেননি তিনি।

এক সাক্ষাৎকারে সেই স্মৃতির কথা নিজেই জানিয়েছিলেন রণবীর। অভিনেতার ভাষ্য অনুযায়ী, ইতিবাচক চিন্তাভাবনা ও ভবিষ্যৎকে নিজের মতো করে কল্পনা করার বিষয়ে একটি বই পড়েছিলেন তার বোন। সেই বই থেকেই ভাইকে ভবিষ্যতের একজন সফল অভিনেতা হিসেবে কল্পনা করার ভাবনা আসে তাঁর।

জন্মদিনে কেকের বদলে বোনের কাছ থেকে কয়েকটি ছোট ছবি পেয়েছিলেন রণবীর। সেগুলো ছিল জনপ্রিয় সিনেমার পোস্টারের নতুন সংস্করণ, যেখানে শাহরুখের জায়গায় দেখা যাচ্ছিল রণবীরের মুখ। ছবিগুলো নিজের ঘরে যত্ন করে টাঙিয়েও রেখেছিলেন তিনি।

মজার বিষয়, দিদির সেই কল্পনা কয়েক বছর পর বাস্তব রূপ নেয়। ২০১০ সালে যশরাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রণবীরের। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অনুষ্কা শর্মা। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন এই অভিনেতা।

সাম্প্রতিক সময়ে ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর রণবীরের জনপ্রিয়তা আরও বেড়েছে। দেশজুড়ে আলোচনায় আসে সিনেমাটি। প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির আয় প্রায় ৮৯৫ কোটি ৯৬ লাখ টাকা। বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩৫৪ কোটি ৮৪ লাখ টাকা।

আগামীতে রণবীরকে দেখা যাবে ‘প্রলয়’ সিনেমায়। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কল্যাণী প্রিয়দর্শন।

অন্যদিকে, ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবনেও এখন নতুন অধ্যায়ে রণবীর। স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন তিনি। গত ১৯ সেপ্টেম্বর তাঁদের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট পায়ের ছাপের ছবি প্রকাশ করে সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন রণবীর-দীপিকা। এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।

সব মিলিয়ে, দিদির কল্পনায় তৈরি করা সেই পোস্টার যেন আজ রণবীর সিংয়ের বাস্তব জীবনের গল্পেরই এক সুন্দর পূর্বাভাস।
 

বিভি/জোহা

মন্তব্য করুন: