পারিবারিক কারণে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’-এর শুটিং সাময়িক বন্ধ
হলিউডের বহুল প্রতীক্ষিত ছবি দ্য ব্যাটম্যান পার্ট টু আবারও বাধার মুখে পড়েছে। রবার্ট প্যাটিনসন অভিনীত ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স এবং ডিসি স্টুডিওস সাময়িকভাবে শুটিং বন্ধ ঘোষণা করেছে। পারিবারিক একটি বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য পরিচালক ম্যাট রিভস কাজ থেকে বিরতি নিয়েছেন।
সোমবার এক বিবৃতিতে স্টুডিও জানিয়েছে, “ম্যাট রিভস বর্তমানে একটি পারিবারিক বিষয়ে সময় দিচ্ছেন। এ কারণে দ্য ব্যাটম্যান পার্ট টু-এর প্রযোজনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ডিসি স্টুডিওসের পূর্ণ সমর্থন তার প্রতি রয়েছে এবং আমরা শিগগিরই আবার এই যাত্রা শুরু করার অপেক্ষায় আছি।”
এই বিরতির আগে লন্ডনে ছবিটির শুটিং চলছিল। ছবিতে ব্যাটম্যান চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন। এছাড়া অ্যান্ডি সার্কিসকে আলফ্রেড এবং কলিন ফ্যারেলকে পেঙ্গুইন চরিত্রে দেখা যাবে। নতুন এই কিস্তিতে আরও যোগ দিয়েছেন স্কারলেট জোহানসন, সেবাস্টিয়ান স্ট্যান, ব্রায়ান টাইরি হেনরি, জেমি লসন, চার্লস ড্যান্স, গিল পেরেজ-আব্রাহাম ও সেবাস্টিয়ান কোখ।
এটি প্রথমবার নয় যে ছবিটি বিলম্বের মুখে পড়েছে। শুরুতে দ্য ব্যাটম্যান পার্ট টু মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল ২ অক্টোবর ২০২৬। পরে তা পিছিয়ে ১ অক্টোবর ২০২৭ করা হয়। চলতি বছরের জুলাইয়ে আবারও মুক্তির তারিখ পরিবর্তন করে ২০২৮ সালের ফেব্রুয়ারিতে নেওয়া হয়।
২০২২ সালের মার্চে মুক্তি পাওয়া দ্য ব্যাটম্যান ছবির মাধ্যমে ম্যাট রিভস রবার্ট প্যাটিনসনকে নতুন ব্যাটম্যান হিসেবে দর্শকদের সামনে নিয়ে আসেন।
ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার বিষয়ে এর আগে ডিসি স্টুডিওসের সহ-প্রধান জেমস গান বলেছিলেন, বড় বাজেটের সিক্যুয়েল ছবির ক্ষেত্রে দীর্ঘ বিরতি অস্বাভাবিক নয়। তিনি এলিয়েন, ইনক্রেডিবলস, টার্মিনেটর, অ্যাভাটার ও টপ গান-এর উদাহরণ টেনে বলেন, ভালো চিত্রনাটির জন্য সময় নেওয়া প্রয়োজন।
জেমস গান আরও জানান, ছবি বিলম্বিত হওয়ার অন্যতম কারণ ছিল পূর্ণাঙ্গ চিত্রনাটির অভাব। তার ভাষায়, “ম্যাট রিভস সর্বোচ্চ মানের একটি চলচ্চিত্র নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। বড় ছবির ক্ষেত্রে চিত্রনাটির কাজ শেষ হওয়ার পর প্রি-প্রোডাকশন, শুটিং এবং পোস্ট-প্রোডাকশনে প্রায় দুই বছর সময় লাগে।”
১৯৯৮ সালে টেলিভিশন সিরিজ ফেলিসিটি দিয়ে ম্যাট রিভস তার ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ক্লোভারফিল্ড (২০০৮), ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস (২০১৭) এবং দ্য ব্যাটম্যান (২০২২) পরিচালনা করেন। ব্যক্তিজীবনে তিনি অ্যানিমেটর ও শিল্পী মেলিন্ডা ওয়াংয়ের সঙ্গে ১৯৯৯ সাল থেকে বিবাহিত এবং তাদের এক সন্তান রয়েছে।
বিভি/জোহা













মন্তব্য করুন: