• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শুটিংয়ের জন্য মেকাপও নিয়েছিলেন, কী হয়েছিল সোহেল খানের মৃত্যুর আগে?

প্রকাশিত: ১৩:৫৫, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৫৫, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শুটিংয়ের জন্য মেকাপও নিয়েছিলেন, কী হয়েছিল সোহেল খানের মৃত্যুর আগে?

দেশের জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে চলছে শোকের ছায়া। সিনেমার শুটিংয়ের জন্য মেকাপ ও কস্টিউমসহ প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তার এই মৃত্যতে শোকাহত সহকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে মারা যান তিনি। জানা গেছে, শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হোটেলকক্ষ থেকে বের হওয়ার মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন এই অভিনেতা। পরে তাকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও সহশিল্পীরা। তাকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে সোহেল খানকে দেখা গেছে সাদা কস্টিউমে।

‘নসিব’ সিনেমার শুটিংয়ে সোহেল খানের সঙ্গে একই ইউনিটে জয়ও ছিলেন। ফেসবুক পোস্টে সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে জয় লিখেছেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম “নসিব”। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল।

রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে  ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন সোহেল খান। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত হন। একক নাটক ও ধারাবাহিক—দুই মাধ্যমেই কাজ করে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে- নয় নম্বর বিপদ সংকেত, দারুচিনি দ্বীপ, বউয়ের জ্বালা, খোঁজ: দ্য সার্চ, প্রজাপতি, কমন জেন্ডার, লাল টিপ, ইঞ্চি ইঞ্চি প্রেম, অনেক সাধের ময়না, দেশা: দ্য লিডার, পরবাসিনী, বীর, কেমনে কী! ও শান।

এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, আবার কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: