ফেসবুকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ
ফ্যাসিস্ট হাসিনার ফেরা নিয়ে রয়টার্সের রিপোর্ট স্ট্যান্টবাজি
ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এটা রয়টার্স ও সংশ্লিষ্ট ভারতীয় সাংবাদিকের একটা স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালের দিকে নিজের ফেসবুক পেইজে দীর্ঘ একটি পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন।
সুজন মাহমুদ লিখেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দলের ফেরা নিয়ে কোন সংবাদ পেলেই যেন কিছু কিছু গণমাধ্যমের হুশ থাকে না। হাসিনার ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা নিয়ে রয়টার্সের বরাত দিয়ে আমাদের দেশীয় বিভিন্ন গণমাধ্যম যে শিরোনাম করেছে, সেগুলো বিভ্রান্তিকর ও মূল সূত্রের সঙ্গে সাংঘর্ষিক। শিরোনাম পড়লে মনে হয়, শেখ হাসিনা নিজেই রয়টার্সকে দেশে ফেরার কথা জানিয়েছেন। কিন্তু তথ্যটি এসেছে তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বিবৃতি থেকে। অনেকটা পাসপোর্টর আবেদনের মতো। যেমন মেট্রিক্স চেম্বার হাসিনার জাল স্বাক্ষর দিয়ে আবেদন করেছিল, এটাও ঠিক তেমনই।
ওই সংবাদের ব্যাখ্যা করে ডেপুটি প্রেস সচিব লিখেছেন, রয়টার্স'র প্রতিবেদনের প্রথম বাক্যেই স্পষ্ট করেছে, এটি মুখপাত্রের বক্তব্য ("her spokesperson told Reuters")। আর আমাদের দেশীয় গণমাধ্যমগুলোর শিরোনামে মুখপাত্রের কোনো উল্লেখ নেই। শিরোনামের শেষে কোলন দিয়ে শুধু "রয়টার্স" লেখায় পাঠকের কাছে তথ্যের উৎস অস্পষ্ট থেকে যায়। ফলে মুখপাত্রের বিবৃতি শেখ হাসিনার সরাসরি বক্তব্য হিসেবে প্রতীয়মান হয়।
শিরোনামে একপক্ষীয় উপস্থাপন
শিরোনামে শুধু শেখ হাসিনার পক্ষের দাবি স্থান পেয়েছে। অথচ রয়টার্স প্রতিবেদনের প্রথম বাক্য ও সারসংক্ষেপে হাসিনার দাবির পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছে: তিনি কেবল প্রত্যর্পণের মাধ্যমে ফিরতে পারবেন।" শিরোনামের শেষে "রয়টার্স" উল্লেখ থাকায় পাঠকের মনে হতে পারে, রয়টার্সের প্রতিবেদনের মূল বক্তব্য এটুকুই। বাস্তবে রয়টার্সের প্রতিবেদন দুই পক্ষের বক্তব্য নিয়ে, আর সরকারের প্রত্যাখ্যান তার কেন্দ্রীয় অংশ।
শিরোনামে "বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান" অংশটিও শুধু একটি পক্ষের চাওয়া হিসেবে এসেছে। একই অনুরোধকে সরকার যে "delusional" বলে নাকচ করেছে, শিরোনামগুলোয় তার কোনো ইঙ্গিত নেই। ফলে শিরোনাম পড়ে পাঠক খবরের অর্ধেক অংশ জানতে পারেন।
বাদ পড়া গুরুত্বপূর্ণ তথ্য
রয়টার্সের প্রতিবেদনের যেসব অংশ উল্লেখ করেনি আমাদের অনেক গণমাধ্যমই:
• প্রথম বাক্যে সরকারের অবস্থান: হাসিনা কেবল প্রত্যর্পণের মাধ্যমে ফিরতে পারবেন।
• পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্য।
• আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্য।
• ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এপ্রিলের অবস্থান: বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে।
রয়টার্স কি বলছে আর প্রতিবেদকের পরিচয় কি?
রয়টার্সের প্রতিবেদনটি করেছেন ভারতীয় এক সাংবাদিক কৃষ্ণ এন দাস। প্রথম প্রকাশ বাংলাদেশ সময় আজ (২৪ নভেম্বর) সকাল ৮টা ৫৬ মিনিটে, পরে সংশোধন করা হয়। প্রতিবেদনের প্রথম বাক্যেই দুটি তথ্য একসঙ্গে দেওয়া হয়েছে। প্রথমত, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তার মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন ("her spokesperson told Reuters")। দ্বিতীয়ত, সরকার বলেছে, তিনি কেবল প্রত্যর্পণের মাধ্যমেই ফিরতে পারবেন ("though the government said she can only return through extradition")।
প্রতিবেদনের সারসংক্ষেপেও উল্লেখ আছে, "Bangladesh says she can only be extradited by India"। প্রতিবেদনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্য রয়েছে:
• "Hasina is a convicted criminal; a fugitive terrorist."
• "She can only return home by extradition treaty; in handcuffs, and under strict surveillance."
• উড়োজাহাজের অনুরোধ প্রসঙ্গে: "Bangladesh will not entertain any such delusional request."
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যও প্রতিবেদনে আছে। তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির সরকারের কাছে ফেরার ব্যবস্থা আশা করা অযৌক্তিক। মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ এটা একটা স্ট্যান্টবাজি। ভারতীয় সাংবাদিকের একটা স্ট্যান্টবাজি টাইপের রিপোর্ট বলে মন্তব্য করেন তিনি।
বিভি/এজেড













মন্তব্য করুন: