• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় রাখাইনে নিহত ৩৩

প্রকাশিত: ১৯:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় রাখাইনে নিহত ৩৩

মিয়ানমারের রাখাইন রাজ্যের এক বাজারের কাছে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাখাইনের ওই অঞ্চলের নিয়ন্ত্রণকারী একটি বিদ্রোহী গোষ্ঠী ও স্থানীয় এক ত্রাণকর্মীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) বলেছে, রাখাইনের কিয়াকতাও শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও আরও ৩৬ জন আহত হয়েছেন।

কিয়াকতাওয়ের ওই বাজারে দায়িত্ব পালনরত একটি দাতব্য সংস্থার প্রধান ও স্থানীয় ত্রাণকর্মী ওয়েই হুন অং প্রাণহানির ওই সংখ্যা নিশ্চিত করেছেন।

২০২১ সালে অং সান সুচি নেতৃত্বাধীন মিয়ানমারের ক্ষমতাসীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে সামরিক বাহিনী। এই অভ্যুত্থানের পর থেকে দেশটির বিভিন্ন প্রান্তে সামরিক বাহিনীর সঙ্গে স্থানীয় বিভিন্ন গোষ্ঠী ও বিদ্রোহীদের সংঘাত চলছে। বর্তমানে আরাকান আর্মিসহ একাধিক সশস্ত্র গোষ্ঠী দেশজুড়ে একাধিক যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

উত্তর রাখাইনের নদীতীরবর্তী শহর কিয়াকতাওয়ের পরিস্থিতি উল্লেখ করে ত্রাণকর্মী ওয়েই হুন অং বলেন, এ এলাকাটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে অবস্থিত এবং চলমান সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না।

তবে মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় হতাহতের এই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। হামলার বিষয়ে জানতে যোগাযোগ করা হরেও তাৎক্ষণিকভাবে মিয়ানমার সরকারের মুখপাত্রের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

তবে এর আগে দেশটির সরকার বলেছিল, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী সর্বোচ্চ সংযম মেনে চলছে।

আরাকান আর্মি ও ওয়েই হুন অং বলেছেন, গত বছরের ডিসেম্বরে রাখাইনের পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটে। ওই হামলার পর কিয়াকতাওয়ের এই হামলার ঘটনাটিই রাখাইনে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী।

সূত্র: রয়টার্স, এএফপি

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত