• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এবার এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতি নেতানিয়াহুর

প্রকাশিত: ২০:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতি নেতানিয়াহুর

ছবি: এরদোয়ান-নেতানিয়াহু

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সম্ভাব্য মামলা করার জন্য আইনি প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কুর্দিদের সঙ্গে এরদোয়ানের সরকারের আচরণ এবং হামাসকে অর্থায়নের অভিযোগকে সামনে রেখে এ আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু ইসরাইলের আন্তমন্ত্রণালয় দল এবং আন্তর্জাতিক আইন বিভাগের পরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় নথি ও আইনি উপকরণ প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। এরদোয়ান নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়ার কথা জানানোর পর দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে এ পদক্ষেপ নেওয়া হয়।

ইসরাইল চাইলে নিজেরাই আইসিসিতে বিষয়টি উত্থাপন করতে পারে। তবে কোনো তৃতীয় দেশের মাধ্যমে উদ্যোগটি নেওয়ার সম্ভাবনাই বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ ইসরায়েল ও তুরস্ক—কোনোটিই আইসিসির প্রতিষ্ঠাকালীন রোম সংবিধির সদস্য নয়। ফলে বিষয়টি আদালতের এখতিয়ারের প্রশ্নও তৈরি করতে পারে।

তবে ইসরাইল সত্যিই মামলাটি দায়ের করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ইসরাইলি সংবাদমাধ্যমের সূত্রগুলো জানিয়েছে, মূল লক্ষ্য হতে পারে এরদোয়ানের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করা এবং তুরস্কের পরবর্তী পদক্ষেপ নিরুৎসাহিত করা।

নেতানিয়াহু এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ইসরাইলের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও মন্তব্য করতে রাজি হননি। ফলে আপাতত এটি মামলা দায়ের নয়, বরং সম্ভাব্য মামলার প্রস্তুতি হিসেবেই বিবেচিত হচ্ছে। সূত্র: আইটুয়েন্টিফোর নিউজ

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত