লেকের পানিতে অজু করতে নেমে তরুণের মৃত্যু!
ছবি: নাঈম ইসলাম
যুক্তরাজ্যের ওয়েলসে ছুটি কাটাতে গিয়ে লেকের পানিতে অযু করতে নেমে ডুবে মারা গেছেন ব্রিটিশ-বাংলাদেশি তরুণ নাঈম ইসলাম (২০)। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রবিবার (২৭ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হলেও ময়নাতদন্ত শেষ না হওয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈম সিলেটের দক্ষিণ সুরমার হাজী আনোয়ার একাডেমির চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল ইসলামের মেজো ছেলে। তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে পরিবারের সঙ্গে বসবাস করতেন। ঘটনার দুই দিন আগে বন্ধুদের সঙ্গে অবকাশযাপনে ওয়েলসে যান তিনি।
নাঈমের মামা সিদ্দিকুর রহমান জানান, তিন বন্ধু মিলে হাইকিংয়ে গিয়েছিলেন। একপর্যায়ে একজন ক্লান্ত হয়ে হোটেলে ফিরে যান। পরে নাঈম ও তার আরেক বন্ধু একটি লেকের কাছে যান। সেখানে তার বন্ধু পানিতে অযু করতে গেলে কাপড় ভিজে যায়। এরপর নাঈম অযু করতে পানিতে নামলে হঠাৎ গভীরে পড়ে যান এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন।
তাকে উদ্ধারে চেষ্টা করলেও সফল হননি তার বন্ধু। ওই সময় এলাকায় প্রচণ্ড ঝড় হচ্ছিলো। নাঈম সাঁতার জানতেন না বলে দ্রুত পানিতে তলিয়ে যান। লেকটি ২০০ মিটারের বেশি দীর্ঘ বলে জানিয়েছেন স্বজনরা।
পরদিন পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে। বর্তমানে পরিবারের সদস্যরা ওয়েলসেই রয়েছেন। নাঈমের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম জানান, মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট ও ডেথ সার্টিফিকেট পাওয়া গেলে বুধবার পূর্ব লন্ডনে জানাজা হতে পারে। তবে জানাজার সময় নির্ভর করছে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার ওপর।
বিভি/এমআর













মন্তব্য করুন: