গুগল সিইও সুন্দর পিচাইকে ‘মনস্টার’ বললেন ট্রাম্প
ছবি: প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইকে ‘মনস্টার’ বা ‘দানব’ বলে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সামনে পিচাইকে পরিচয় করিয়ে দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। এ সময় পিচাইয়ের প্রযুক্তি খাতে প্রভাব ও সাফল্যের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘এই লোকটি একজন দানব, কিন্তু এটা কেউ জানে না।’
হোয়াইট হাউসের বৈঠকে পিচাই ছাড়াও মেটার সিইও মার্ক জাকারবার্গ, অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইসহ প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা ও তদারকি জোরদারে একটি স্বেচ্ছামূলক কাঠামো নিয়ে আলোচনা হয়।
প্রস্তাবিত কাঠামোর আওতায় এআই ব্যবস্থার ঝুঁকি পর্যালোচনায় একাধিক স্তরের নিয়ন্ত্রণ রাখার কথা বলা হয়েছে। এর মধ্যে থাকবে কোম্পানির অভ্যন্তরীণ পর্যালোচনা, স্বাধীন বাইরের প্রতিষ্ঠানের অডিট এবং পরিচালনা পর্ষদের মাধ্যমে পর্যালোচনা।
পিচাই বলেন, এআই উন্নয়নের ক্ষেত্রেও কোম্পানিগুলো তাদের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবসায় ব্যবহৃত পরীক্ষিত করপোরেট গভর্ন্যান্স পদ্ধতি প্রয়োগ করতে পারে। অন্যদিকে আমোদেই বলেন, এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি বাস্তব এবং এসব ঝুঁকি মোকাবিলার কার্যকর পদ্ধতি নিয়ে এখনও আলোচনা চলছে।
বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামো ও ডেটা সেন্টার সম্প্রসারণের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া
বিভি/এমআর













মন্তব্য করুন: