নারী কর্মীদের ‘আড়ালে’ রাখা নিয়ে বিতর্ক, আইফেল টাওয়ারের প্রধানের পদত্যাগ
আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান সোসিয়েতে দ’এক্সপ্লোয়াতাসিওঁ দ্য লা তুর এফেল (এসইটিই)-এর মহাপরিচালক প্যাট্রিক ব্রাঁকো রুইভো চলতি বছরের শেষ দিকে পদ ছাড়ছেন। হিন্দু ধর্মীয় সংগঠন বোচাসনওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামিনারায়ণ সংস্থার (বিএপিএস) একটি প্রতিনিধিদলের সফরের সময় নারী কর্মীদের সরিয়ে রাখার ঘটনা নিয়ে সৃষ্ট বিতর্ক ও পরবর্তী তদন্তের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসইটিই জানায়, প্যাট্রিক ব্রাঁকো রুইভো বছরের শেষে মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়াবেন। ৫ সেপ্টেম্বর বিএপিএস-এর একটি প্রতিনিধিদলের আইফেল টাওয়ার পরিদর্শনের সময় নারী কর্মীদের ওই প্রতিনিধিদলের সংস্পর্শ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। এ ঘটনা নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর আইফেল টাওয়ারের কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে কর্মীরা ধর্মঘট পালন করেন এবং একপর্যায়ে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রটি একদিনের জন্য বন্ধও থাকে।
এসইটিই-এর তদন্তে সরকারি ও প্রটোকলভিত্তিক সফর আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি ও ঘাটতি শনাক্ত করা হয়েছে। বিশেষ করে ৫ সেপ্টেম্বরের ওই সফর আয়োজনের প্রক্রিয়ায় থাকা ত্রুটির কারণেই নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছিল বলে তদন্তে উঠে আসে। প্রতিষ্ঠানটি ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেছে।
কর্মীদের অভিযোগ ছিল, নারী হওয়ার কারণে কয়েকজন কর্মীকে তাদের নির্ধারিত দায়িত্ব থেকে সরিয়ে আলাদা কক্ষে অপেক্ষা করতে বলা হয়। কিছু ক্ষেত্রে তাদের পরিবর্তে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়। সফর চলাকালে নারী কর্মীদের নির্দিষ্ট কিছু এলাকায় প্রবেশ বা ওই এলাকাগুলো দিয়ে চলাচল না করার নির্দেশও দেওয়া হয়েছিল বলে কর্মীরা দাবি করেন।
এ ঘটনায় কর্মীরা বলেন, এমন নির্দেশনা কর্মক্ষেত্রে সমতা ও বৈষম্যহীনতার নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাদের ভাষ্য অনুযায়ী, আইফেল টাওয়ার ফ্রান্সের অন্যতম প্রতীক হওয়ায় এর পরিচালনা ও কর্মীদের সঙ্গে আচরণেও সমতার মূল্যবোধ প্রতিফলিত হওয়া উচিত।
এসইটিই স্বীকার করেছে, বিএপিএস-এর প্রতিনিধিদলের পক্ষ থেকে নারী কর্মীদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখার অনুরোধ এসেছিল। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এমন শর্ত মেনে নেওয়া উচিত হয়নি। বিএপিএসও পরবর্তী সময়ে ঘটনার কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
প্যাট্রিক ব্রাঁকো রুইভো ২০১৮ সাল থেকে আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তদন্তের পর তাঁর পদ ছাড়ার সিদ্ধান্তকে ওই বিতর্কের পর পরিচালনাগত দায় ও ব্যবস্থাপনা নিয়ে ওঠা প্রশ্নের সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: