• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

প্রকাশিত: ২০:৫৭, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

ছবি: ধসে পড়া ভবন

ভারতের রাজধানী নয়াদিল্লির সীমাপুরী এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পায় দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস)। এরপর দ্রুত ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ বাহিনীর গাড়ি পাঠানো হয়। বর্তমানে সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের পাশে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। উদ্ধারকাজে সহায়তা করতে কয়েকজনকে বড় বড় পাথরের স্ল্যাব সরানোর চেষ্টা করতেও দেখা যায়।

এদিকে উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্সের চলাচল নির্বিঘ্ন রাখতে দুর্ঘটনাস্থল এবং আশপাশের সড়ক এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, সীমাপুরী গোল চত্বর, ডিএলএফ ভোপুরা ও আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে কাজ করছে। এ অবস্থায় অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহনকে দ্রুত চলাচলের সুযোগ দিতে নাগরিকদের ফাঁকা লেন ব্যবহারের পথ করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ঠিক এক মাস আগে দিল্লির সত্য নিকেতনে একটি হোস্টেল ভবনসংক্রান্ত দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিলো। সূত্র: এনডিটিভি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত