গুরুতর অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেফতার
ছবি: দ্য মরনিং
শিশু ক্যানসার হাসপাতালের জন্য সংগ্রহ করা প্রায় ৩০ হাজার ডলার অনুদান আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার (৭ অক্টোবর) কলম্বো থেকে তাকে গ্রেফতার করে কমিশন টু ইনভেস্টিগেট অ্যালিগেশনস অব ব্রাইবারি অর করাপশন (সিআইএবিওসি)।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শিরান্থীর দাতব্য সংস্থা সিজিলিয়া স্যাভিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে অভিযোগটি তদন্ত করছে কর্তৃপক্ষ। শিশুদের ক্যানসার হাসপাতালের জন্য পিইটি স্ক্যানার কেনার কথা বলে সংস্থাটি ৩০ হাজার ৩০০ ডলার অনুদান সংগ্রহ করেছিল। তবে তদন্তকারীদের দাবি, চীন সরকার এরই মধ্যে হাসপাতালটিকে ওই স্ক্যানার অনুদান দিয়েছিল। এরপরও অর্থ সংগ্রহ অব্যাহত রাখা হয় এবং তা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।
গ্রেফতারের পর শিরান্থীকে সিআইএবিওসির কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। তার আইনজীবী মনোজ গামাগে অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি।
এ ঘটনায় একটি রাষ্ট্রীয় ব্যাংকের সাবেক চেয়ারম্যানকেও গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি যথাযথ আর্থিক নিয়ম না মেনে শিরান্থীর দাতব্য সংস্থাকে প্রায় ১ কোটি শ্রীলঙ্কান রুপি সরকারি অর্থ অনুদান দিয়েছিলেন।
মাহিন্দা রাজাপাকসের স্ত্রী শিরান্থী গত ১৬ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। আগাম জামিনের আবেদন করে সোমবার দেশে ফেরার পরদিনই তাকে গ্রেপ্তার করা হয়।
বিভি/এমআর













মন্তব্য করুন: