• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সিনেমা নয়, এবার পশ্চিমবঙ্গ সরকারের বড় দায়িত্বে মিঠুন চক্রবর্তী, মিললো মন্ত্রীর মর্যাদা!

প্রকাশিত: ২২:৩৭, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৩৭, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সিনেমা নয়, এবার পশ্চিমবঙ্গ সরকারের বড় দায়িত্বে মিঠুন চক্রবর্তী, মিললো মন্ত্রীর মর্যাদা!

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। নতুন দায়িত্বের সঙ্গে তিনি পাবেন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদাও। বুধবার (৭ অক্টোবর) রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানানো হয়েছে। নিয়োগটি অবিলম্বে কার্যকর হবে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা হিসেবে মিঠুন চক্রবর্তীকে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাবেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক প্রচারে অংশ নেন মিঠুন। বিভিন্ন নির্বাচনী সভা, রোড শো ও দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা যায় তাকে।

নির্বাচনের পর মিঠুনের ভূমিকার প্রশংসা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির নির্বাচনী সাফল্যের পেছনে মিঠুনের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

অন্যদিকে, নির্বাচনের পর শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন মিঠুনও। তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে পাওয়াকে আশীর্বাদ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও তার পাশে থাকার কথা জানান তিনি।

মিঠুনকে সরকারি দায়িত্ব দেওয়ার বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গত ৪ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ সরকার শিগগিরই মিঠুন চক্রবর্তীকে তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে।

এরপর থেকেই মিঠুনের নতুন দায়িত্ব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। বুধবার সরকারি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সেই জল্পনার অবসান হলো।

মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক পথচলা দীর্ঘদিনের। ষাট ও সত্তরের দশকে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পর পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে তার প্রবেশ ঘটে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে।

তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তিনি রাজ্যসভার সাংসদ হন। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিঠুন।

এরপর ২০২১ সালের ৭ মার্চ বিজেপিতে যোগ দেন তিনি। ওই বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন। পরবর্তী সময়ে দলের বিভিন্ন কর্মসূচি ও নির্বাচনী প্রচারেও তাকে সক্রিয়ভাবে দেখা যায়।

সূত্র: এবিপি আনন্দ

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত