• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মোদিকে চ্যালেঞ্জ রাহুলের, গ্রেফতার করতে বললেন সবাইকে

প্রকাশিত: ১৮:৪০, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মোদিকে চ্যালেঞ্জ রাহুলের, গ্রেফতার করতে বললেন সবাইকে

ভারতের তরুণদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেছেন, যত পুলিশই মোতায়েন করা হোক কিংবা যত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হোক, আন্দোলনকারীরা পিছু হটবেন না।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন রাহুল গান্ধী।

বার্তায় তিনি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করছেন তিনি। তাঁর দাবি, প্রতিপক্ষকে তিনি ভেতর থেকে চেনেন। এদের প্রধান বৈশিষ্ট্য কাপুরুষতা বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা।

রাহুল গান্ধী আরও বলেন, নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসপ্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ওপর চাপ ক্রমেই বাড়ছে। তাঁদের ঘিরে রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে রাহুল বলেন, ইচ্ছামতো পুলিশ মোতায়েন করা হোক—১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার। সব নেতা ও তরুণকে গ্রেপ্তার করা হলেও আন্দোলন থামবে না। তাঁকেসহ সবাইকে গ্রেপ্তার করার চ্যালেঞ্জও জানান তিনি।

কংগ্রেস নেতা বলেন, তাঁরা সংবিধান রক্ষা করবেন এবং ভারতের জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখবেন। গত ১০ থেকে ১৫ বছরে দেশের সঙ্গে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি ঠেকানোর অঙ্গীকারও করেন তিনি।

ভারতের তরুণদের উদ্দেশে রাহুল গান্ধী বলেন, তাঁদের নিয়ে তিনি গর্বিত এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ও সংবিধানের ওপর আঘাত হানছে বলে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের পরাজিত করতে তাঁরা কাজ করবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: