• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ক্রোয়েশিয়ায় মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস; নিহত ২, আহত ২০

প্রকাশিত: ২৩:১৪, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ক্রোয়েশিয়ায় মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস; নিহত ২, আহত ২০

ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিরাপত্তাবেষ্টনী ভেঙে উল্টে গেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। রবিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটের দিকে দেশটির এ৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি সার্বিয়ার নম্বরপ্লেটযুক্ত ছিল। এতে ৩৩ জন যাত্রী ও দুজন চালক ছিলেন। যাত্রীদের গন্তব্য ছিল রাজধানী জাগরেব।

জাগরেব কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান দারিও কেজেরিচ জানান, দুর্ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও এয়ার অ্যাম্বুলেন্সসহ জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

এ৩ মহাসড়কটি সার্বিয়ার সীমান্ত থেকে শুরু হয়ে জাগরেব অতিক্রম করে স্লোভেনিয়ার দিকে চলে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি দক্ষিণ দিক থেকে জাগরেবের দিকে যাচ্ছিল। মহাসড়কের ইভানিচ-গ্রাদ সংযোগস্থল অতিক্রম করার পর ৬১ কিলোমিটার এলাকায় বাসটি উল্টে যায়।

ক্রোয়েশিয়ার পুলিশ এক বিবৃতিতে জানায়, রবিবার (৮ নভেম্বর) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এ৩ মহাসড়কের জাগরেবমুখী লেনে সার্বিয়ার নম্বরপ্লেটযুক্ত একটি বাস উল্টে দুজন নিহত হন। আহতদের জাগরেব এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ধীরগতিতে চলছে এবং বাম পাশের লেন দিয়ে যানবাহন চলাচল করছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ক্রোয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী তোমো মেদভেদ ও স্বাস্থ্যমন্ত্রী ইরেনা হারস্তিচ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, ক্রোয়েশিয়ার এ দুর্ঘটনার মাত্র দুই দিন আগে পূর্ব ফ্রান্সে একই ধরনের আরেকটি বাস দুর্ঘটনায় এক শিশু ও এক কিশোর নিহত হয়। শুক্রবার সকাল ৭টার দিকে লঁ এলাকার কাছে দম্পিয়ের ও বুর-আঁ-ব্রেসের মধ্যবর্তী সড়কে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসটিতে মোট ৪৩ জন ছিলেন, তাদের মধ্যে ১৫ জন অপ্রাপ্তবয়স্ক।

দুর্ঘটনায় সাত বছর বয়সী এক শিশু ও ১৮ বছর বয়সী এক কিশোর নিহত হয়। আহত হন ২০ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ফ্রান্সের পরিবহনমন্ত্রী।

লঁ শহরের মেয়র ইভ ক্রিস্তাঁ জানান, বাসটি সড়ক থেকে ছিটকে পাশের একটি খাদে গিয়ে গাছে ধাক্কা খায়। আহতদের উদ্ধারে ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়। তাদের কয়েকজনকে আকাশপথে হাসপাতালে নেওয়া হয়।

ফ্রান্সের বেসামরিক নিরাপত্তা বিভাগের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার পর দুজনের হৃদ্‌যন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। তাদের উদ্ধারে ব্যাপক চিকিৎসা ও উদ্ধার তৎপরতা চালাতে হয়।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে বলেন, দুর্ঘটনার সময় বাসটিতে শিক্ষার্থী ও অন্য যাত্রী মিলিয়ে ৪৩ জন ছিলেন। এ ঘটনায় শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সূত্র: মিরর

বিভি/পিএইচ

মন্তব্য করুন: