• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপের প্রত্যাশায় শুরু হচ্ছে কপ সম্মেলন

প্রকাশিত: ১০:৩২, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপের প্রত্যাশায় শুরু হচ্ছে কপ সম্মেলন

ছবি: ইন্টারনেট

জলবায়ু সংকট মোকাবিলায় দীর্ঘদিনের প্রতিশ্রুতির বদলে এবার বাস্তব ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা নিয়ে আজ সোমবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ৩১)। বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি, অভিযোজন ব্যয় এবং অর্থায়নের ঘাটতি—এমন নানা চ্যালেঞ্জের মধ্যে তুরস্কের আনতালিয়ায় বসছে এবারের সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, প্রতিনিধি, বিজ্ঞানী, পরিবেশকর্মী ও উন্নয়ন সহযোগীরা অংশ নেবেন। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন।

জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়াই এবারের সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।

এবারের সম্মেলনে তুরস্ক আয়োজক দেশের দায়িত্ব পালন করছে। অন্যদিকে অস্ট্রেলিয়া আলোচনা পরিচালনার দায়িত্বে রয়েছে। আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন। সেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোর রাজনৈতিক অঙ্গীকার ও করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন এবারের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এসব দেশের অনেকেরই জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো সুরক্ষা এবং অভিযোজন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের ঘাটতি রয়েছে। ফলে প্রতিশ্রুত অর্থায়ন বাস্তবায়ন এবং সহজ শর্তে অর্থ পাওয়ার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।

এ ছাড়া বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু সহনশীল নগর ও অবকাঠামো গড়ে তোলার বিষয়েও আলোচনা হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর কোনো নির্দিষ্ট অঞ্চল বা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বন্যা, খরা, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঝুঁকি বিশ্বজুড়েই বাড়ছে। এমন পরিস্থিতিতে কপ৩১ সম্মেলনে দেশগুলো কতটা কার্যকর সিদ্ধান্ত নেয় এবং সেসব সিদ্ধান্ত বাস্তবায়নে কী ধরনের উদ্যোগ নেয়, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: