মেক্সিকোয় মাদকচক্রের শীর্ষ নেতা রাফায়েল আলভারেজ গ্রেফতার
মেক্সিকোর অন্যতম প্রধান অপরাধী চক্র জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর কথিত এক শীর্ষ নেতাকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রাফায়েল আলভারেজ ওরফে ‘আর২’ নামের ওই ব্যক্তি কার্টেলটির ‘লস আরস’ নামের একটি শাখার নেতৃত্ব দিতেন বলে সন্দেহ করা হচ্ছে।
মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার গুয়াদালাহারা মহানগর এলাকার জাপোপান শহরে অভিযান চালানো হয়। ওই অভিযানে আলভারেজকে গ্রেফতার করা হয়।
মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ বলেন, ‘লস আরস’ চক্রটি মূলত চাঁদাবাজি, মাদক পাচার, হত্যা, অবৈধভাবে আটক, অপহরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার সঙ্গে জড়িত। তিনি আরও জানান, চক্রটির চাঁদাবাজির শিকার হয়েছেন ব্যবসায়ী ও অ্যাভোকাডো উৎপাদকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হারফুচ জানান, গ্রেফতারের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলভারেজ আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হারফুচ আরও বলেন, আলভারেজের বিরুদ্ধে মেক্সিকোয় গুরুতর হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জন্যও তার বিরুদ্ধে আরেকটি পরোয়ানা জারি আছে।
মেক্সিকোর জাতীয় গোয়েন্দা কেন্দ্রসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ওই অভিযানে অংশ নেন। এতে আলভারেজ ছাড়াও আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, মেক্সিকোর অ্যাভোকাডো উৎপাদনকারী অঞ্চল মিচোয়াকান রাজ্যের উরুয়াপান শহরের জনপ্রিয় মেয়র কার্লোস মানজো হত্যাকাণ্ডসহ অন্তত ১৯ জনকে হত্যার ঘটনায় আলভারেজের সংশ্লিষ্টতা রয়েছে। গত বছর ওই মেয়রকে হত্যা করা হয়। তিনি অপরাধ দমনে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত ছিলেন।
জালিসকো ও মিচোয়াকান রাজ্যে সক্রিয় সিজেএনজি মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধী চক্র। সহিংস কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার জন্য পরিচিত এই গোষ্ঠীকে ২০২৫ সালে যুক্তরাষ্ট্র সরকার ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের নিয়ন্ত্রণ নিয়ে সিনালোয়া কার্টেলের সঙ্গে সিজেএনজির প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভিযানে সিজেএনজির প্রতিষ্ঠাতা নেমেসিও ‘এল মেনচো’ ওসেগুয়েরা নিহত হওয়ার পর থেকে সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তবে কার্টেলগুলোর নিয়ন্ত্রণাধীন এলাকায় মুক্তিপণের জন্য অপহরণের ঘটনা এখনো ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে।
মেক্সিকোজুড়ে আনুমানিক ১ লাখ ৩৪ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হয়। দেশটির রাজ্যগুলোর মধ্যে জালিসকোতে নিখোঁজ মানুষের সংখ্যা সবচেয়ে বেশি।
সূত্র: আলজাজিরা
বিভি/পিএইচ













মন্তব্য করুন: