• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মিসরে দুই ট্রেনের সংঘর্ষ: নিহত বেড়ে ৭, আহত শতাধিক

প্রকাশিত: ১১:৪৯, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মিসরে দুই ট্রেনের সংঘর্ষ: নিহত বেড়ে ৭, আহত শতাধিক

ছবি: বিবিসি

মিসরের গিজা গভর্নরেটের আল-আয়াত এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জনের বেশি। নিহত ব্যক্তিদের মধ্যে একজন ট্রেনচালকও রয়েছেন। তবে কী কারণে ট্রেন দুটির সংঘর্ষ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও চিকিৎসাসেবা দিতে ঘটনাস্থলে ৭০টির বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য তিনটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিওতে ট্রেনের লাইনচ্যুত বগি এবং আশপাশে মানুষের ভিড় দেখা গেছে। এ ছাড়া মিসরের রেড ক্রিসেন্টের কর্মীদেরও উদ্ধারকাজে অংশ নিতে দেখা যায়।

প্রতিবেদন অনুযায়ী, আল-আয়াত এলাকায় রেল দুর্ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০০২ সালে একই এলাকায় মিসরের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনাটি ঘটেছিল। সে সময় একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরে শত শত মানুষের মৃত্যু হয়।

সর্বশেষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: বিবিসি

বিভি/পিএইচ

মন্তব্য করুন: