সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে প্রাণ গেল ৩৫ জনের
ছবি: সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে মৃত্যু হয়েছে অন্তত ৩৫ জনের। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। নৌকাটিতে থাকা একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।
প্রাথমিকভাবে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিলো, নৌকাডুবির ঘটনায় ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত পাওয়া গেছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানানো হয়।
পরে রবিবার সেনেগালের সংবাদ সংস্থা এপিএস জানায়, মৃতের সংখ্যা বেড়ে অন্তত দাঁড়িয়েছে ৩৪ জনে। মানবাধিকার সংগঠন অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপও (এডিএইচএ) এ তথ্য নিশ্চিত করে।
রবিবার রাতের দিকে জরুরি সেবা বিভাগ জানায়, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জন হয়েছে। উদ্ধার হওয়া জীবিত ব্যক্তির সংখ্যা একজনই। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার থেকে উদ্ধার অভিযানের অগ্রগতির সঙ্গে হতাহতের হিসাব পরিবর্তিত হচ্ছে।
সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডাকার ও দেশটির উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমের এলাকায় লুমপুল বালিয়াড়ির কাছে শনিবার নৌকাটি ডুবে যায়। তবে সেনেগালের অভিবাসীবিষয়ক প্রধান সহায়তা সংগঠন বোজা ফিইয়ের প্রতিষ্ঠাতা সালিউ দিয়ুফ এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার।
নৌকাটিতে কোন কোন দেশের নাগরিক ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শনিবার যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা সবাই সেনেগালের নাগরিক বলে জানিয়েছেন দিয়ুফ।
এদিকে সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে রবিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে রাষ্ট্রের সব কর্তৃপক্ষ ও সম্পদ নিয়োজিত করা হয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: