কুরআন-বাইবেল পড়ে কারাগারে সময় কাটাচ্ছেন মাদুরো
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সময় কাটছে ধর্মীয় ও দার্শনিক বই পড়ে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি অবস্থায় বাইবেল ও পবিত্র কুরআন পড়ছেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করছেন। কারাগারে যাওয়ার পর তার শারীরিক ওজনও কমেছে।
রবিবার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মাদুরোর কারাজীবন সম্পর্কে অবগত ছয় ব্যক্তির সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তবে সংবাদমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করেননি।
প্রতিবেদন অনুযায়ী, ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি ৬৩ বছর বয়সী মাদুরো অবসর সময়ের বড় অংশ বই পড়ে কাটাচ্ছেন। বাইবেল ও কুরআনের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পড়ছেন তিনি। এ ছাড়া কারাগারের ধর্মীয় পরামর্শদাতাদের সঙ্গেও তার সাক্ষাৎ হচ্ছে। তাদের মধ্যে একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি ধর্মীয় নেতা (রাব্বি রয়েছেন)।
ধর্মীয় বিষয়ে মাদুরোর আগ্রহ অবশ্য নতুন নয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকাকালে তিনি নিজেকে ক্যাথলিক খ্রিষ্টান হিসেবে পরিচয় দিতেন। একই সঙ্গে ভারতের প্রয়াত আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন তিনি। তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং উত্তরসূরি দেলসি রদ্রিগেজও ওই গুরুর অনুসারী ছিলেন।
মাদুরো অতীতে নিজের ইহুদি বংশপরিচয়ের কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন। তার দাবি, গত শতাব্দীতে ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় আসা সেফারদি ইহুদি সম্প্রদায়ের বংশধর তিনি। তবে তার ঘনিষ্ঠজনদের ভাষ্য, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি তার বিশেষ আগ্রহ দেখা যায়নি।
এদিকে কারাগারে মাদুরোর শারীরিক অবস্থাতেও পরিবর্তন এসেছে। তার খাদ্যাভ্যাস সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের খাবারের মান ও পর্যাপ্ততা নিয়ে অসন্তোষ রয়েছে তার। আগে তিনি প্যালিও ডায়েট অনুসরণ করতেন। কারাগারে সেই খাদ্যাভ্যাস বজায় রাখতে না পারায় তার ওজন দ্রুত কমছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে তাকে আগের তুলনায় অনেক বেশি রোগা দেখাচ্ছে।
মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের শারীরিক অবস্থা আরও উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, গ্রেফতারের সময় তিনি জরায়ু অপসারণের অস্ত্রোপচার থেকে সেরে উঠছিলেন। এরপর থেকে তার ওজন ২৫ পাউন্ডের বেশি কমেছে এবং দুটি দাঁত পড়ে গেছে। বুকে ব্যথার কারণে তাকে নাইট্রোগ্লিসারিন ওষুধও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা ব্রুকলিনের একই কারাগারে পৃথক অংশে বন্দি রয়েছেন। মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ, কোকেন পাচারের ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ রয়েছে। তবে তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। আগামী ২০২৭ সালের জুনে তাদের বিচার শুরু হওয়ার কথা রয়েছে। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
বিভি/এনএইচ/এমআর













মন্তব্য করুন: