• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

‘হারতে কেমন লাগে?’ প্রশ্নেও নীরব ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ১৩:২৬, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘হারতে কেমন লাগে?’ প্রশ্নেও নীরব ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের কয়েক দিন পর হোয়াইট হাউজের বাইরে এক সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেলিকপ্টারের দিকে হেঁটে যাওয়ার সময় ওই সাংবাদিক চিৎকার করে প্রশ্ন করেন, পরাজিত হতে কেমন লাগে? তবে প্রশ্নের কোনো জবাব না দিয়ে হেঁটে চলে যান ট্রাম্প।

রবিবার (৮ নভেম্বর) সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়, শুক্রবার হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। ঠিক সেই সময় এক সাংবাদিক চিৎকার করে প্রশ্ন করেন, প্রেসিডেন্ট, একজন পরাজিত ব্যক্তি হিসেবে এখন কেমন বোধ করছেন? 

তবে সেই প্রশ্ন শুনেও ট্রাম্প থামেননি, এমনকি প্রশ্নটির কোনো জবাবও দেননি। বরং তিনি সেখান থেকে সোজা হেলিকপ্টারের দিকে হাঁটতে শুরু করেন। পরে সামাজিকমাধ্যমে ওই ঘটনার ভিডিওটি শেয়ার করা হয়।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণই নিজেদের দখলে নেয়। ফলে রাজনৈতিকভাবে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। নির্বাচনে হারের পর থেকেই ট্রাম্পের মেজাজ ও কথা বার্তা একদম এলোমেলো। পরাজয়ের পর ট্রাম্প সরাসরি নিজের ওপর দায় নিতে অস্বীকার করেন। তিনি দাবি করেন, রিপাবলিকান দল হেরেছে কারণ ব্যালট পেপারে তার নাম ছিল না। 

পরাজয়ের পরপরই আয়োজিত একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প নির্বাচনের পরাজয় ও নীতিগত ব্যর্থতা নিয়ে কথা না বলে হোয়াইট হাউসে নতুন বল রুম নির্মাণের নকশা ও গ্লাসওয়ার্কস নিয়ে দীর্ঘ কথা বলেন। নির্বাচন নিয়ে সাংবাদিকদের কঠিন প্রশ্ন এড়িয়ে গিয়ে হোয়াইট হাউসের ইন্টেরিয়র ডিজাইনের বর্ণনাতেই তিনি বেশি মনোযোগ দেন। 

নির্বাচনের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের বড় ভূমিকা ছিল। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প নিজের নীতির পক্ষে সাফাই গাইলেও দলের শীর্ষ নেতারা তার সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও প্রকাশ্যে এই যুদ্ধের নীতির সমালোচনা করেছেন। 

রিপাবলিকান পার্টির নজিরবিহীন পরাজয়ের পর দলটির অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত মার্কিন-ইসরাইল সম্পর্কের ভিত্তি নিয়েও সমালোচনা শুরু হয়েছে। এক খোলামেলা সাক্ষাৎকারে ভ্যান্স স্বীকার করেছেন, ইসরাইলের প্রতি মার্কিন নীতির ওপর ভোটারদের চরম অসন্তোষই রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম মূল কারণ।  

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ নবম মাসে গড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে এটি বেশ অজনপ্রিয়। নির্বাচনী প্রচারে দেশজুড়ে ডেমোক্র্যাট প্রার্থীরা অভিযোগ করেন, এই যুদ্ধের কারণে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। সবশেষ নির্বাচনের এই ফলাফল রিপাবলিকান শাসনের মাঝামাঝি সময়ে ট্রাম্পের নেতৃত্ব নিয়ে ভোটারদের ব্যাপক অসন্তোষকেই ফুটিয়ে তুলেছে; যা তার রাজনৈতিক মর্যাদাকে এক চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।  

বিভি/এমএফআর

মন্তব্য করুন: