পোল্যান্ডে ছয়জনকে গুলি করে হত্যা, হাসপাতালে মারা গেল হামলাকারী
ছবি: আলজাজিরা
পোল্যান্ডের ক্রাকো শহরে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা এবং ১২ জনের বেশি মানুষকে আহত করা বন্দুকধারীর মৃত্যু হয়েছে। গত সপ্তাহে চালানো ওই হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ নভেম্বর) সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, ‘দুঃখজনক ঘটনার অভিযুক্ত ব্যক্তি আজ সকালে হাসপাতালে মারা গেছেন।’
২৪ বছর বয়সী ওই পোলিশ নাগরিককে শনিবার গুলি চালানোর কয়েক মিনিটের মধ্যেই আটক করে পুলিশ। ক্রাকোর ঐতিহাসিক প্রধান চত্বরে নিজের গাড়ি থেকে তিনি লোকজনকে লক্ষ্য করে গুলি চালান বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে আহত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোর এই চত্বরটি দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। হামলায় নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও রয়েছেন।
এদিকে, ক্রাকো থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে অস্ট্রোভিয়েক শভিয়েন্তোকশিস্কি শহরে অভিযুক্ত ব্যক্তির পারিবারিক বাড়ি থেকে তাঁর বোন, মা ও বাবার মরদেহ উদ্ধার করেছেন তদন্তকারীরা। ধারণা করা হচ্ছে, গুলিতে তাদের মৃত্যু হয়েছে।
রবিবার দেশটির প্রসিকিউটররা ঘটনাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে তদন্ত শুরু করেন। পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি উগ্র ডানপন্থী মতাদর্শের প্রতি আকৃষ্ট ছিলেন।
স্বরাষ্ট্র ও প্রশাসন মন্ত্রণালয়ের এক মুখপাত্র পোলিশ সংবাদমাধ্যমকে জানান, হামলার সময় ওই ব্যক্তি সামরিক পোশাক পরেছিলেন। তাঁর পোশাকে বিভিন্ন ধরনের প্রতীক বা ব্যাজ ছিল। তদন্তকারীরা সেগুলোর কয়েকটি পরীক্ষা করে ব্যাখ্যা করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় চার নারী ও দুই পুরুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন নারী ও একজন পুরুষ পোল্যান্ডের নাগরিক। নিহত অন্য দুজনের একজন যুক্তরাজ্যের এবং অপরজন অস্ট্রিয়ার নাগরিক।
হামলাকারীকে থামাতে গিয়ে আহত হওয়া দুই পুলিশ সদস্যও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সাহসিকতার প্রশংসা করেছে কর্তৃপক্ষ। রবিবার বিকেল পর্যন্ত দুজনেরই জ্ঞান ছিল।
আহতদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য, পর্তুগাল, রাশিয়া, জার্মানি ও অস্ট্রিয়ার নাগরিক।
প্রতি বছর লাখ লাখ পর্যটক ক্রাকো শহর ভ্রমণে যান। শহরটির প্রধান বাজার চত্বরও অন্যতম আকর্ষণীয় স্থান। হামলার পর রবিবার সেখানে নিহত ব্যক্তিদের স্মরণে ফুল ও মোমবাতি রেখে শ্রদ্ধা জানান শোকাহত মানুষ। চত্বরের বিভিন্ন স্থানে গুলির চিহ্নও দেখা যায়।
সূত্র: আলজাজিরা
বিভি/পিএইচ













মন্তব্য করুন: