দীপাবলির আতশবাজির ধোঁয়ায় দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ
দীপাবলি উৎসবের রাতে আতশবাজির ধোঁয়ায় ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ুদূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উৎসবের পর সোমবার (৯ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন এলাকায় ঘন ধোঁয়াশা দেখা দেয়। কয়েকটি এলাকায় বায়ুর গুণগত মান সূচক (একিউআই) ৩৫০ ছাড়িয়ে গেছে, যা ‘অত্যন্ত খারাপ’ বা ‘সিভিয়ার’ পর্যায়ের দূষণ নির্দেশ করে। এ ধরনের বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
রবিবার (৮ নভেম্বর) ভারতজুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দীপাবলি উদ্যাপিত হয়। আতশবাজি ব্যবহারে বিধিনিষেধ থাকলেও দিল্লির বাসিন্দাদের অনেকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পটকা ও আতশবাজি ফোটান। এতে বাতাসে ধোঁয়া ও সূক্ষ্ম বস্তুকণার পরিমাণ বেড়ে যায়।
গত মাসে দীপাবলির দূষণ নিয়ন্ত্রণে ভারতের সুপ্রিম কোর্ট আতশবাজি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেন। আদালতের নির্দেশনায় নির্দিষ্ট শর্তে শুধু অনুমোদিত ‘গ্রিন ক্র্যাকার’ ব্যবহারের সুযোগ রাখা হয়। শনিবার ও রবিবার প্রতিদিন তিন ঘণ্টা করে এসব আতশবাজি ফোটানোর অনুমতি দেওয়া হয়েছিল। সাধারণ আতশবাজির তুলনায় এগুলো কম দূষণ ছড়ালেও পুরোপুরি দূষণমুক্ত নয়।

দীপাবলির কয়েক দিন আগে, গত বুধবারও দিল্লির বায়ুদূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছিল। বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্য অনুযায়ী, সেদিন বাতাসে বিষাক্ত দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ করা দৈনিক সীমার ৩০ গুণেরও বেশি ছিল।
প্রায় তিন কোটি মানুষের শহর নয়াদিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর একটি হিসেবে পরিচিত। বিশেষ করে শীতকালে পরিস্থিতি আরও খারাপ হয়। এ সময় তাপমাত্রা কমে যাওয়া, বাতাসের গতি কম থাকা এবং বায়ুমণ্ডল স্থবির হয়ে পড়ার কারণে দূষিত পদার্থ সহজে ছড়িয়ে পড়তে পারে না। ফলে রাজধানী ও আশপাশের এলাকায় দিনের পর দিন ঘন ধোঁয়াশা জমে থাকে।
ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শীতকালে দিল্লির বায়ুদূষণের ২৩ শতাংশের জন্য দায়ী যানবাহনের ধোঁয়া। অন্যদিকে, কৃষিজমির ফসলের অবশিষ্টাংশ পোড়ানোসহ বিভিন্ন ধরনের জৈববস্তু পোড়ানোর কারণে তৈরি হয় ২০ শতাংশ দূষণ।
আতশবাজির ধোঁয়ার সঙ্গে এসব দূষণকারী উপাদান যুক্ত হয়ে শীতের মৌসুমে দিল্লির বায়ুর মান আরও বিপজ্জনক করে তুলছে। ফলে রাজধানীর বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
সূত্র: আলজাজিরা
বিভি/পিএইচ













মন্তব্য করুন: