একের পর এক দুর্ঘটনা, তুরস্কের ইস্পাত কারখানাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ছবি: বিবিসি
রক্ষণাবেক্ষণ কাজ চলছিলো ইস্পাত কারখানায়। উৎপাদনও ছিল বন্ধ। কিন্তু সেই কাজ করতে গিয়েই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ক্রেন ভেঙে পড়ে চুল্লিতে, মুহূর্তেই বিস্ফোরণ ও আগুনে কেঁপে ওঠে পুরো কারখানা। প্রাণ হারান অন্তত ১৭ শ্রমিক। আহত হন আরও অন্তত ১৩ জন। তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির প্রদেশের আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানার এ দুর্ঘটনা নতুন করে সামনে এনেছে দেশটির শিল্পকারখানায় শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মপরিবেশের বিষয়টি।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে কারখানাটিতে নতুন বয়লার প্রতিস্থাপনের কাজ চলছিল। এ সময় ওপরের একটি ক্রেন ভেঙে পড়ে। এর সঙ্গে থাকা ভারী সরঞ্জাম বৈদ্যুতিক আর্ক ফার্নেসে পড়ে এবং প্রাকৃতিক গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হলে বিস্ফোরণ ঘটে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মী, ফায়ার সার্ভিস ও চিকিৎসাকর্মীরা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কারখানাটিতে নিয়মিত উৎপাদন বন্ধ ছিল। রক্ষণাবেক্ষণ কাজের কারণে সেখানে স্বাভাবিক সময়ের তুলনায় কম শ্রমিক উপস্থিত ছিলেন। তা সত্ত্বেও এত বড় প্রাণহানির ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য অবহেলা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় ও প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারের কথাও বলা হয়েছে।
আরও উদ্বেগের বিষয়, শ্রমিক সংগঠনগুলোর দাবি, কারখানাটিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতেও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, কর্মীদের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এদিকে তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে কারও অবহেলা প্রমাণিত হলে তার দায়ও নির্ধারণ করা হবে।
বিভি/এমআর













মন্তব্য করুন: