• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ক্যালিফোর্নিয়ার ভোটারদের ‘বিলিয়নিয়ার কর’ প্রত্যাখ্যান

প্রকাশিত: ১৫:১০, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ক্যালিফোর্নিয়ার ভোটারদের ‘বিলিয়নিয়ার কর’ প্রত্যাখ্যান

ছবি: আলজাজিরা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিলিয়নিয়ারদের ওপর এককালীন বিশেষ কর আরোপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে প্রায় ৬০ শতাংশ ভোট গণনার পর প্রস্তাবটি পরাজয়ের পথে বলে ধারণা করা হচ্ছে। গণনা করা ভোটের মধ্যে প্রস্তাবের বিপক্ষে ‘না’ ভোট পড়েছে ৫৫ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৪ দশমিক ৪ শতাংশ।

প্রস্তাব অনুযায়ী, যেসব ক্যালিফোর্নিয়াবাসীর সম্পদের নিট মূল্য ১০০ কোটি ডলারের বেশি, তাদের ওপর একবারের জন্য ৫ শতাংশ কর আরোপের কথা ছিল। ‘প্রপোজিশন ৪০’ নামে পরিচিত এই প্রস্তাব কার্যকর হলে প্রায় ১০ হাজার কোটি ডলার রাজস্ব আদায় করা সম্ভব হতো। এর বেশির ভাগ অর্থ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে ব্যয় করার পরিকল্পনা ছিল। পাশাপাশি শিক্ষা ও খাদ্যসহায়তা কর্মসূচিতেও অর্থ বরাদ্দ দেওয়ার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্সসহ ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ধারার কয়েকজন রাজনীতিক প্রস্তাবটির পক্ষে প্রচার চালান। তাদের মতে, অর্থনৈতিক বৈষম্য কমাতে এ ধরনের কর কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের জন্যও অনুসরণযোগ্য একটি মডেল হতে পারতো।

ডেমোক্র্যাটদের যুক্তি ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ আইনের কারণে কেন্দ্রীয় সরকারের তহবিল কমে যাওয়ার যে প্রভাব পড়বে, তা সামাল দিতে এই কর প্রয়োজন।

তবে প্রস্তাবটির বিরোধিতা করেন ক্যালিফোর্নিয়ার বিদায়ী গভর্নর গ্যাভিন নিউজম। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় রয়েছে। নিউজম ও অন্য বিরোধীদের আশঙ্কা, এ ধরনের কর আরোপ করা হলে অতিধনী ব্যক্তি ও প্রযুক্তি খাতের উদ্যোক্তারা ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে যেতে পারেন। এতে অঙ্গরাজ্যটি তাদের কাছ থেকে পাওয়া আয়কর হারানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানও হারাবে।

নিউজমের বিরোধিতা এবং দলীয় নেতা ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে মতভেদের কারণে ভোটের আগে প্রস্তাবটির প্রতি প্রাথমিক সমর্থন কমতে থাকে। মধ্যবর্তী নির্বাচনের সময়ই এ বিষয়ে ভোট অনুষ্ঠিত হয়।

গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনসহ ক্যালিফোর্নিয়ার কয়েকজন বিলিয়নিয়ার প্রস্তাবটির বিরুদ্ধে প্রচারে ২৫ কোটি ডলারের বেশি ব্যয় করেন। তাদের যুক্তি ছিল, এই কর ভবিষ্যতে ক্যালিফোর্নিয়ার সব বাসিন্দার ওপর আরও কঠোর কর আরোপের পথ তৈরি করতে পারে। এমনকি মানুষের অবসরকালীন সঞ্চয়ও এর আওতায় আসার ঝুঁকি রয়েছে।

প্রস্তাবটি প্রত্যাখ্যাত হওয়ায় ডেমোক্রেটিক পার্টির বামপন্থী অংশ বড় ধরনের ধাক্কা খেল। দেশটির মধ্যবর্তী নির্বাচনে ‘ব্লু সুনামি’ বা ডেমোক্র্যাটদের বড় জয়ের পর দলটির এই অংশ আরও শক্তিশালী হয়ে উঠেছিল। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা।

তবে অতি ধনীদের ওপর কর আরোপের বিষয়টি যে পুরো ডেমোক্রেটিক পার্টির গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে রয়েছে, তার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত সিনেট ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান রন ওয়াইডেন। গত ৪ নভেম্বর কমিটির অগ্রাধিকার তুলে ধরে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিলিয়নিয়াররা যাতে তাদের ন্যায্য অংশের কর দেন এবং কর ফাঁকিবাজদের জবাবদিহির আওতায় আনা যায়, সে প্রচেষ্টা কমিটি আরও জোরদার করবে।’

সূত্র: আলজাজিরা

বিভি/আলজাজিরা/পিএইচ

মন্তব্য করুন: