ইসরাইলি কারাগারে কুরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী
ছবি: সংগৃহীত
দখলদার ইসরাইলের কারাগারে বন্দী থেকেও পবিত্র কোরআন মুখস্থ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ১৯ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী জানা ইহসান আবু ওয়ারদা। গ্রেফতারের আগে কোরআনের ২০ পারা মুখস্থ করেছিলেন তিনি। পরে কারাগারের প্রতিকূল পরিবেশেও বাকি অংশ মুখস্থ করে সম্পূর্ণ কোরআনের হাফেজা হন। সম্প্রতি আদালতের শুনানিতে এক বৈঠকে পুরো কোরআন মুখস্থ তেলাওয়াত করে উপস্থিত ব্যক্তিদেরও বিস্মিত করেন এই তরুণী।
ফিলিস্তিনের বন্দিবিষয়ক সংবাদমাধ্যম ‘প্রিজনার্স মিডিয়া অফিস’ (মাকতাব আল-ইলাম আল-আসরা) জানিয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনী জানাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি ইসরায়েলের ড্যামন কারাগারে বন্দী রয়েছেন।
সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, গ্রেফতারের আগে জানার কোরআনের প্রায় ২০ পারা মুখস্থ ছিল। কারাগারে বন্দী থাকার সময় বাকি অংশ মুখস্থ করে তিনি হেফজ সম্পন্ন করেন। সম্প্রতি আদালতে শুনানির সময় তিনি জানান, এক বৈঠকেই সম্পূর্ণ কোরআন মুখস্থ তেলাওয়াত করেছেন।
জানার কোরআনচর্চা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ নেই। কারাগারে অন্য নারী বন্দীদেরও কোরআন ও হাদিস শিক্ষা দিচ্ছেন তিনি। বন্দিত্বের মধ্যেও সহবন্দীদের মধ্যে ধর্মীয় জ্ঞানচর্চার আগ্রহ তৈরি করছেন এই তরুণী।
জানা আবু ওয়ারদা ফিলিস্তিনের হেবরন এলাকার বাসিন্দা। তিনি জাহিরিয়া কলেজে শরিয়াহ বিষয়ে পড়াশোনা করছেন। লেখালেখি ও কবিতার প্রতিও তার আগ্রহ রয়েছে। ভবিষ্যতে স্নাতক সম্পন্ন করে কোরআনের তাফসির, আরবি ব্যাকরণ ও হাদিস বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তিনি। কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে একদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বপ্ন দেখেন জানা।
তবে কারাগারে তার জীবন মোটেও সহজ নয়। বন্দিবিষয়ক সংগঠনটির বরাতে জানা গেছে, ড্যামন কারাগারে ফিলিস্তিনি নারী বন্দীদের খাবারের সংকট, কঠোর পরিবেশ ও বিভিন্ন বিধিনিষেধের মুখোমুখি হতে হয়। গ্রেফতার এবং এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরের সময় জানাও অপমানজনক তল্লাশির শিকার হয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে।
বন্দিত্বের মধ্যে পরিবারের কাছের মানুষদের হারানোর খবরও তাকে বিলম্বে জানতে হয়েছে। কারাগারে স্বজনদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ও সাক্ষাতের সুযোগ সীমিত থাকায় পরিবারের সঙ্গে তার দূরত্ব আরও বেড়েছে।
প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও জানার এই অর্জন ফিলিস্তিনি নারী বন্দীদের মধ্যে কোরআনচর্চা ও ধর্মীয় শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। নিজের হেফজ সম্পন্ন করার পাশাপাশি অন্য বন্দীদের শিক্ষা দেওয়ার মাধ্যমে কারাগারের ভেতরেও জ্ঞানচর্চা অব্যাহত রেখেছেন তিনি।
বন্দিশালার দেয়াল তার স্বাধীনতা সীমিত করতে পারলেও কোরআন শেখা, জ্ঞান অর্জন ও অন্যদের শিক্ষিত করার আগ্রহ দমাতে পারেনি।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: