• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চীনা গুপ্তচর; কে এই অ্যালিস হুয়াং? কেমন ছিল তার জীবন?

প্রকাশিত: ১৪:৪৭, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৫১, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চীনা গুপ্তচর; কে এই অ্যালিস হুয়াং? কেমন ছিল তার জীবন?

ছবি: ইন্টারনেট

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথিত প্রেমের সম্পর্ক এবং চীনা গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আলোচনায় এসেছেন অ্যালিস হুয়াং। সিঙ্গাপুরভিত্তিক একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠানের সাবেক এই প্রধান নির্বাহীকে নিয়ে প্রকাশ্যে খুব বেশি তথ্য নেই। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, এআই চিপের তথ্য সংগ্রহ এবং এনভিডিয়ার সঙ্গে তার ব্যবসায়িক যোগাযোগ ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন, কে এই অ্যালিস হুয়াং? কেমন ছিলো তার জীবন?

অ্যালিস হুয়াং, যার চীনা নাম হুয়াং লে। তিনি ছিলেন চীনা ব্যবসায়ী। টেলিভিশন সাংবাদিকতা ও অর্থ খাতে কর্মজীবন শুরু করে ধীরে ধীরে তিনি সিঙ্গাপুরভিত্তিক স্বল্পপরিচিত প্রতিষ্ঠান মেগাস্পিডের পরিচিত মুখ হয়ে ওঠেন। একপর্যায়ে প্রতিষ্ঠানটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার অন্যতম বড় গ্রাহকে পরিণত হয়। তবে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কথিত সম্পর্ক এখন বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির ৩৩ বছরের ইতিহাসে অন্যতম বড় করপোরেট সুশাসনসংক্রান্ত সংকট তৈরি করেছে।

একই পদবি হলেও জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। দ্য নিউইয়র্ক টাইমস, ফাইন্যান্সিয়াল টাইমস ও রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদনে উঠে এসেছে, তাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল। তবে একপর্যায়ে বিষয়টি মার্কিন কর্মকর্তাদের কাছে জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও আলোচনায় আসে। জেনসেন হুয়াং নিজেও কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন।

অ্যালিস হুয়াংকে ঘিরে এই ঘটনা বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তি খাতের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা, উন্নত প্রযুক্তির চিপ রফতানিতে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের চ্যালেঞ্জ এবং প্রায় ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের একটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকি।

অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন এবং জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে এনভিডিয়াকে উন্নত প্রযুক্তির চিপ চীনের জন্য উন্মুক্ত করতে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে চীন। দ্য নিউইয়র্ক টাইমস-কে মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত ব্যক্তিরা জানান, তাদের ধারণা, যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সম্পর্কে আরও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে অ্যালিস হুয়াংকে নিয়োগ দেওয়া হয়েছিল। একই সঙ্গে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ চীনের জন্য উন্মুক্ত করার পক্ষে প্রতিষ্ঠানটিকে প্রভাবিত করার চেষ্টাও ছিল।

জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের মধ্যে প্রথম কবে পরিচয় হয়েছিল, তা স্পষ্ট নয়। তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। দ্য নিউইয়র্ক টাইমস কয়েকজনের বরাত দিয়ে জানিয়েছে, অ্যালিস হুয়াং ভালো ইংরেজি বলতে পারেন এবং বিশ্বজুড়ে এআই চিপশিল্পের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।

লিংকডইনে অ্যালিস হুয়াংয়ের সাবেক প্রতিষ্ঠান মেগাস্পিড নিজেদের এখনো এনভিডিয়ার ‘শীর্ষস্থানীয় ব্যবসায়িক অংশীদার’ হিসেবে পরিচয় দেয়। এই ব্যবসায়িক সম্পর্কের সূত্রেই ২০২৪ ও ২০২৫ সালে জেনসেন হুয়াংয়ের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা গেছে তাকে।

২০২৪ সালে তাইপেতে একটি শিল্প খাতের অনুষ্ঠানে তোলা ছবিতে দুজনকে পাশাপাশি সোফায় বসে থাকতে দেখা যায়। ছবিটি অনুষ্ঠানে অংশ নেওয়া অন্য একটি প্রতিষ্ঠান লিংকডইনে প্রকাশ করেছিল।

এর পরের বছর তাইপেতে অনুষ্ঠিত প্রযুক্তি প্রদর্শনী কম্পিউটেক্সের (Computex) সময় জেনসেন হুয়াং আয়োজিত এক নৈশভোজেও তাদের একসঙ্গে দেখা যায়। ওই নৈশভোজের বাইরে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধারণ করা সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দুজনকে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায়। একপর্যায়ে জেনসেন হুয়াং অ্যালিস হুয়াংয়ের কাঁধে হাত রাখেন এবং অ্যালিস তাকে গালে চুমু দেন। পরে দুজন একই গাড়িতে করে রেস্তোরাঁ ছাড়েন বলেও ওই ভিডিওতে দেখা যায়।

প্রায় ছয় মাস আগে নিউইয়র্কভিত্তিক একটি শর্ট-সেলিং প্রতিষ্ঠান প্রথম প্রকাশ্যে তাদের ‘অস্বস্তিকরভাবে ঘনিষ্ঠ সম্পর্ক’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। শর্ট-সেলিং প্রতিষ্ঠান হলো এমন বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যারা কোনো কোম্পানির শেয়ারের দাম কমবে বলে ধারণা করে বিনিয়োগ করে।

এরপর চলতি বছরের শুরুতে মার্কিন কর্মকর্তারা একটি স্মারকলিপি তৈরি করেন। এতে জেনসেন ও অ্যালিস হুয়াংয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে উল্লেখ করা হয়। শনিবার এ বিষয়ে ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদন প্রকাশ করে। স্মারকলিপিটি দেখেছেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।

রবিবার এনভিডিয়ার সিইও প্রতিষ্ঠানটির সব কর্মীর কাছে পাঠানো এক ই-মেইলে বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে সেখানে অ্যালিস হুয়াংয়ের নাম উল্লেখ করেননি তিনি। একই সঙ্গে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়ে তদন্তে সহযোগিতার আশ্বাস দেন।

বর্তমানে অ্যালিস হুয়াং কোথায় আছেন, তা জানা যায়নি। অভিযোগের বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো বক্তব্যও দেননি। মেগাস্পিডের সঙ্গে তার বর্তমান সম্পর্ক কী, সেটিও স্পষ্ট নয়। শর্ট-সেলিং প্রতিষ্ঠান কাল্পার রিসার্চ গত মে মাসে এক কর্মীর বরাত দিয়ে জানিয়েছিল, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের বিপরীতে অ্যালিস হুয়াং তখনো প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তার পেশাগত জীবনের বিস্তারিত তথ্যও সহজে পাওয়া যায় না। কয়েকটি সংবাদমাধ্যম চীনের একটি বিনিয়োগ তহবিলের ডেটাবেইসে থাকা তার নাম ও ছবির সঙ্গে মিলে যায়- এমন একটি প্রোফাইলের তথ্য প্রকাশ করেছে। সেখানে এইচএসবিসি ও সিআইটিআইসি ব্যাংকে কাজ করার পাশাপাশি চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এবং হুনান টিভিতে কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ রয়েছে। তবে সাংবাদিকেরা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেননি।

মেগাস্পিড দক্ষিণ-পূর্ব এশিয়ার এমন কয়েকটি প্রতিষ্ঠানের একটি, যারা চিপ কিনে ডেটা সেন্টার তৈরি করে এবং পরে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেয়।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, মেগাস্পিড আগে ‘সেভেনরোড ইন্টারন্যাশনাল’ নামে পরিচিত ছিল। এটি ছিল চীনের একটি গেমিং প্রতিষ্ঠান, যার সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত বিনিয়োগকারীদের সম্পর্ক ছিল। নাম পরিবর্তনের সময় প্রতিষ্ঠানটির মালিকানা ছিল হুয়াং লে লিমিটেডের হাতে এবং অ্যালিস হুয়াং এর নেতৃত্বে ছিলেন। ২০২৩ সালে প্রতিষ্ঠানটির মালিকানা অন্য একটি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র সরকার মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে। অভিযোগ, প্রতিষ্ঠানটি চীনা কোম্পানিগুলোকে মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চিপ সংগ্রহে সহায়তা করেছে।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মেগাস্পিডের বিরুদ্ধে নিজস্ব তদন্তের অংশ হিসেবে সিঙ্গাপুরের কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংকে জিজ্ঞাসাবাদ করেছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, এনভিডিয়া এর আগে মেগাস্পিডের কার্যক্রম খতিয়ে দেখার কথা জানিয়েছিল। তবে তখন কোনো উদ্বেগের কারণ পাওয়া যায়নি বলে দাবি করেছিল প্রতিষ্ঠানটি। এ বিষয়ে বক্তব্য জানতে দ্য গার্ডিয়ান মেগাস্পিডের সঙ্গে যোগাযোগ করেছে।

সূত্র: গার্ডিয়ান

বিভি/গার্ডিয়ান/পিএইচ

মন্তব্য করুন: