চাঁদে বাড়ি বানাবে মানুষ, বাসিন্দা খুঁজছে নাসা!
ছবি: বিবিসি
চাঁদে শুধু পা রাখা নয়, এবার সেখানে ঘর বানিয়ে বসবাসের সুযোগ পাচ্ছেন তরুণরা। পৃথিবীর বাইরে নতুন ঠিকানা গড়ার এই স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মের নভোচারী খুঁজছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নির্বাচিতদের কেউ হাঁটবেন চাঁদের মাটিতে, কেউ গড়ে তুলবেন স্থায়ী ঘাঁটি।
এমনকি তাদের হাত ধরেই এগিয়ে যাবে মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতিও। তবে চাঁদে যাওয়ার এই সুযোগ সবার জন্য নয়। রয়েছে বেশ কিছু কঠিন যোগ্যতার শর্ত।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যানের ঘোষণা অনুযায়ী, নতুন নভোচারীদের দায়িত্ব শুধু মহাকাশে যাওয়া নয়, বরং চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করার পথ তৈরি করা। সেখানে বসবাস, গবেষণা ও কাজ- সবকিছুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলবেন তারা। নাসার ভাষায়, তাদের হাত ধরেই গড়ে উঠবে মহাকাশে মানবজাতির ভবিষ্যৎ।
তবে এই অভিযানের অংশ হতে প্রথম শর্তই হলো আবেদনকারীকে মার্কিন নাগরিক হতে হবে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল কিংবা গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাইলট হিসেবে প্রশিক্ষণ ও অভিজ্ঞতার পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে প্রয়োজনীয় যোগ্যতা এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ দক্ষতাও থাকতে হবে। অর্থাৎ, শুধু মহাকাশে যাওয়ার স্বপ্ন থাকলেই চলবে না, হতে হবে বহুমুখী দক্ষতাসম্পন্ন।
নাসার এই নিয়োগ মূলত তাদের উচ্চাভিলাষী ‘আর্টেমিস’ কর্মসূচির অংশ। এই কর্মসূচির মাধ্যমে চাঁদে আবারও মানুষ পাঠানোর পাশাপাশি সেখানে দীর্ঘমেয়াদি মানব উপস্থিতির ভিত্তি গড়তে চায় সংস্থাটি।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে আবারও নভোচারীদের চাঁদে পাঠানোর লক্ষ্য রয়েছে নাসার। ভবিষ্যতে চাঁদকে কেন্দ্র করেই মঙ্গলে মানুষ পাঠানোর পথ তৈরি করতে চায় তারা।
নাসার ওয়েবসাইটে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ২০২৭ সালের শেষ দিকে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন নতুন নভোচারীরা। এরপর শুরু হবে কঠোর প্রশিক্ষণ। এর আগে ২০২৪ সালে নভোচারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে ৮ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে মাত্র ১০ জনকে বেছে নিয়েছিল নাসা।
পৃথিবীর গণ্ডি পেরিয়ে অন্য গ্রহে মানুষের বসতি গড়ার স্বপ্ন এখন আর শুধু কল্পবিজ্ঞান নয়। চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের এই পরিকল্পনা সফল হলে বদলে যেতে পারে মহাকাশে মানুষের বসবাসের ইতিহাস। আর সেই নতুন ইতিহাসের অংশ হতে যাচ্ছেন নতুন প্রজন্মের নভোচারীরা।
বিভি/এমএ/পিএইচ













মন্তব্য করুন: