চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক, এনভিডিয়া সিইওর বিরুদ্ধে মামলা
চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের তথ্য গোপন করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া ও এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসে ফেডারেল আদালতে বিনিয়োগকারীদের পক্ষে একটি সম্ভাব্য শ্রেণি-প্রতিনিধিত্বমূলক (ক্লাস অ্যাকশন) মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক নারীর কথিত সম্পর্কের তথ্য বিনিয়োগকারীদের কাছ থেকে গোপন করেছেন বিবাদীরা। অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। তার সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। অভিযোগ অনুযায়ী, বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ তৈরি করেছিল, যা এনভিডিয়ার সুনাম ও ব্যবসায়িক সম্ভাবনার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু বিনিয়োগকারীদের কাছে তা প্রকাশ করা হয়নি।
গত মাসে দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের কথিত সম্পর্কের কথা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংকে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে এনভিডিয়া তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। তবে জেনসেন হুয়াং এনভিডিয়ার কর্মীদের জানিয়েছিলেন, তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যদিও কথিত সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের নেতৃত্বে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাভিত্তিক প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপ নির্মাতা কোম্পানিতে পরিণত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানের অন্যতম প্রধান প্রতীক হিসেবেও পরিচিত তিনি।
রবিবার (৮ নভেম্বর) বিষয়টি নিয়ে তদন্তের ঘোষণা দেয় এনভিডিয়া। এর পরদিন সোমবার কোম্পানিটির শেয়ারের দাম ৪ দশমিক ৩ শতাংশ কমে যায়। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ১৯০ বিলিয়ন (১৯ হাজার কোটি) ডলার কমে যায়। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের লেনদেন শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট পর মামলাটি দায়ের করা হয়।
অপ্রত্যাশিতভাবে শেয়ারের দাম কমে গেলে বিনিয়োগকারীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে মামলা করার ঘটনা প্রায়ই ঘটে। মার্ক কিস্টেনমাখারের নেতৃত্বে এনভিডিয়ার বিনিয়োগকারীরা এ মামলায় বিবাদীদের কাছ থেকে নির্দিষ্ট অঙ্ক উল্লেখ না করে ক্ষতিপূরণ দাবি করেছেন।
সূত্র: রয়টার্স
বিভি/রয়টার্স/পিএইচ













মন্তব্য করুন: