• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

হোয়াইট হাউসের কাছে পরপর দুই নিরাপত্তা লঙ্ঘন, আটক ২

প্রকাশিত: ১৬:৪২, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হোয়াইট হাউসের কাছে পরপর দুই নিরাপত্তা লঙ্ঘন, আটক ২

ছবি: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের নিরাপত্তাব্যবস্থায় পরপর দুটি লঙ্ঘনের ঘটনায় আটক হয়েছেন দুই ব্যক্তি। একটি গাড়ি ফুটপাতে উঠে যাওয়ার পর চালকের আক্রমণাত্মক আচরণ এবং অন্য এক ব্যক্তির নিরাপত্তা বেষ্টনী টপকে প্রবেশের চেষ্টায় তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে লকডাউন করা হয় হোয়াইট হাউস ও আশপাশের এলাকা। ঘটনার সময় ভবনের ভেতরেই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোয়াইট হাউসের বিপরীতে লাফায়েত পার্কের উত্তর পাশে এ ঘটনা ঘটে। মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, একটি রুপালি রঙের সেডান গাড়ি পার্কসংলগ্ন ফুটপাতে উঠে গেলে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে গাড়িচালক গাড়ি থেকে নেমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে তাকে আটক করা হয়।

গাড়িতে সন্দেহজনক কিছু রয়েছে কি না, তা পরীক্ষা করতে মেট্রোপলিটন পুলিশ বিভাগের বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়। এ সময় নিরাপত্তাকর্মীদের ব্যস্ততার সুযোগে আরেক ব্যক্তি পার্কের উত্তর-পশ্চিম কোণের নিরাপত্তা বেষ্টনী টপকে ভেতরে প্রবেশ করেন। তাকেও আটক করা হয়।

প্রায় এক ঘণ্টা পর হোয়াইট হাউসের ওপর আরোপিত নিরাপত্তা বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

আটক ব্যক্তিদের পরিচয়, উদ্দেশ্য কিংবা তাদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। গাড়িটি ইচ্ছাকৃতভাবে ফুটপাতে তোলা হয়েছিল কি না, সেটিও স্পষ্ট নয়। ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। দুটি ঘটনার তদন্ত চলছে। সূত্র: 

বিভি/এমআর

মন্তব্য করুন: