কপ- ৩১: এশিয়ার ন্যায্য জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের আহ্বান
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ এশিয়ার ন্যায্য জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, সাশ্রয়ী জ্বালানি প্রাপ্তি ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ ক্যাম্পেইনের প্রতিনিধি শরীফ জামিল।
কপ-৩১-এর সাইড ইভেন্ট ‘The Role of China in Green Industrialization’- এ বক্তব্য প্রদানকালে তিনি বলেন, এশিয়ায় নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন ও স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বিশেষ করে জ্বালানিসুবিধাবঞ্চিত ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎপ্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার, জীবিকা ও প্রাকৃতিক প্রতিবেশ সুরক্ষায় গুরুত্ব দিতে হবে।
কপ৩১-এর সাইড ইভেন্ট ‘The Role of China in Green Industrialization’-এর বক্তব্যে ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ (Renewables Now) ক্যাম্পেইনের প্রতিনিধি শরীফ জামিল বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী চীন। প্রযুক্তি ও অর্থায়নের ক্ষেত্রে দেশটির সঙ্গে আমরা আরও সহযোগিতা চাই। তবে এ ধরনের পরিকল্পনা ও প্রকল্প হতে হবে স্বচ্ছ, বিকেন্দ্রীভূত ও গণতান্ত্রিক এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অবকাঠামোকে কেন্দ্র করে।
ভারতের সামাতা (Samata) এবং মাইনস, মিনারেলস অ্যান্ড পিপল (Mines, Minerals & People)-এর রবি রেবাপ্রগাদা বলেন, সবুজ শিল্পায়নের নামে পুরোনো সম্পদ আহরণ ও শোষণমূলক উন্নয়ন মডেলের পুনরাবৃত্তি হওয়া চলবে না। জ্বালানি ও খনিজ সম্পদ নিয়ে যেকোনো অংশীদারত্বে স্থানীয় জনগোষ্ঠীর সম্মতি, স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক সুফল নিশ্চিত করা এবং ঝুঁকির মুখে থাকা মানুষের জন্য ন্যায্য কর্মসংস্থানের নিশ্চয়তা থাকতে হবে। পাশাপাশি স্বাধীন তদারকি এবং ক্ষতিগ্রস্তদের প্রতিকার পাওয়ার কার্যকর সুযোগ নিশ্চিত করতে হবে।
ফিলিপাইনের ফিলিপাইন মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (PMCJ)-এর সমন্বয়ক ইয়ান রিভেরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির ব্যয় তুলনামূলকভাবে কম। তাই বৃহৎ অবকাঠামোভিত্তিক প্রকল্পের পরিবর্তে ক্ষুদ্র পরিসরের ও স্থানীয় জনগোষ্ঠীনির্ভর প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া উচিত। বিশ্বজুড়ে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণে চীন নেতৃত্ব দিতে পারে।
কপ ৩১-এর এই সাইড ইভেন্টে চীনের সবুজ শিল্পায়ন উদ্যোগ, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির বিস্তার এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে উন্নয়ন অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ফিলিপাইনের নাগরিক সমাজ ও জলবায়ু আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তা উঠে আসে।
বিভি/কেএস/এজেড













মন্তব্য করুন: