চিকিৎসা শেষে ফের বন্দিজীবনে ইমরান খান!
ছবি: ইমরান খান (ফাইল ফটো)
কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়েছিলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে। চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যেই বুধবার (১১ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ইমরানের রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিলো। হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়।
এদিকে ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত আগস্টের পর এবারই প্রথম তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেল।
এদিকে ইমরানের আইনি দল ও তার স্ত্রীকে কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। ইমরানের আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।
২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়। তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন তিনি। এসব মামলার কয়েকটির আপিল এখনো বিচারাধীন। ইমরান বরাবরই অভিযোগ অস্বীকার করে মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। তবে পাকিস্তান সরকার তার এ অভিযোগ নাকচ করেছে।
বিভি/এমআর













মন্তব্য করুন: