২০ ফুটের অজগর হলো শিশুদের খেলার সঙ্গী, অতঃপর ভাইরাল!
বিশাল আকৃতির একটি অজগর সাপের শরীরকে খেলাধুলার উপকরণ বানিয়ে নিয়েছে একদল শিশু। কেউ সাপটির শরীর বেয়ে ওপরে উঠছে, কেউ আবার স্লাইডের মতো করে নিচে নেমে আসছে। আর এসব করতে গিয়ে তাদের মধ্যে নেই কোনো ভয়, বরং হাসি-আনন্দে মেতে উঠেছে তারা। ইন্দোনেশিয়ায় শিশুদের এমন অদ্ভুত খেলাধুলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে বিস্মিত হয়েছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যায়, প্রায় ২০ ফুট (৬ মিটার) লম্বা একটি অজগর মাটির ঢালু জায়গায় পড়ে আছে। আর শিশুরা পালা করে সাপটির শরীর বেয়ে ওপরে উঠছে এবং সেখান থেকে পিছলে নিচে নেমে আসছে। এ সময় আশপাশে কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের কেউ শিশুদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন না, বরং কেউ কেউ মুঠোফোনে পুরো ঘটনাটি ধারণ করছেন।
ভিডিওর সাপটি জালিকাবিশিষ্ট অজগর (রেটিকুলেটেড পাইথন) বলে ধারণা করা হচ্ছে। এ প্রজাতির অজগর বিষধর নয়। তবে শক্তিশালী পেশির সাহায্যে বড় আকারের শিকারকে পেঁচিয়ে ধরে মেরে ফেলতে এবং গিলে খেতে পারে। তাই সাপটির সঙ্গে শিশুদের এমন খেলাধুলা যথেষ্ট ঝুঁকিপূর্ণ।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষের কাছে পৌঁছেছে। এটি দেখে কেউ মজা করেছেন, আবার কেউ শিশুদের এমন ঝুঁকিপূর্ণ আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ইন্দোনেশিয়ায় এ ধরনের অজগর বেশ সহজলভ্য। নব্বইয়ের দশকে পাঁচ ফুটের একটি ছোট অজগরের দাম প্রায় ৫ ডলার ছিল। সাপটির যকৃতের তেলের জন্যও এগুলো সংগ্রহ করা হতো। তবে বন্য অজগর বেশ আক্রমণাত্মক হতে পারে এবং হুমকি বোধ করলে দ্রুত ছোবল দিতে পারে। তার ধারণা, ভিডিওর সাপটি পরিবারের পোষা প্রাণী।
আরেক ব্যবহারকারীর মতে, ইন্দোনেশিয়ায় জালিকাবিশিষ্ট অজগর বেশ পরিচিত। বড় আকারের কিছু অজগর মানুষ পোষে বা ধরে রাখে। নিয়মিত মানুষের সংস্পর্শে থাকলে কিংবা খাবার খাওয়ার পর সাপগুলো অনেক সময় শান্ত আচরণ করে। ভিডিওতে সাপটির আক্রমণাত্মক আচরণ না করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
অন্য একজন মজা করে লিখেছেন, শিশুরা অবশেষে ঘরের মধ্যে ইন্টারনেটে সময় না কাটিয়ে বাইরে খেলাধুলা করছে।
তবে বন্য প্রাণী বিশেষজ্ঞরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, সাপটি শান্ত দেখালেও যেকোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই শিশুদের এভাবে বিশাল অজগরের সংস্পর্শে আসতে দেওয়া উচিত নয়।
সূত্র: এনডিটিভি
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: