ক্যান্সার জয়ের গল্প লিখলেন সোনিয়া গান্ধী, বই প্রকাশ
ছবি: হিন্দুস্তান টাইমস
ক্যানসারের সঙ্গে লড়াই, অস্ত্রোপচারের মুহূর্ত, মৃত্যুর আশঙ্কা আর সন্তানদের ভালোবাসা—জীবনের এমন কঠিন অধ্যায়ের কথা এবার স্মৃতিকথায় তুলে ধরেছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দুইবার ক্যানসারের মতো জটিল রোগের আশঙ্কা ও চিকিৎসার মধ্য দিয়ে যাওয়া সোনিয়া তার নতুন বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love)-এ সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। জানিয়েছেন, কেন দিল্লির চিকিৎসকদের ওপর পূর্ণ আস্থা থাকা সত্ত্বেও তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়েছিল।
স্মৃতিকথায় সোনিয়া গান্ধী জানান, ২০১০ সালে স্তন ক্যানসারের সন্দেহে তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। এর আগে মাঝেমধ্যে হাঁপানি ও অ্যালার্জির সমস্যা ছাড়া বড় কোনো শারীরিক জটিলতা ছিল না তার।
বইয়ে তিনি লেখেন, দ্বিতীয় ইউপিএ সরকারের মেয়াদে তাকে বেশ কিছু ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। চিকিৎসকেরা তাকে জানিয়েছিলেন, মানসিক চাপ পাকস্থলীর সমস্যার অন্যতম কারণ। বয়স বাড়ার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তার এ ধরনের সমস্যা ঘন ঘন দেখা দিতে থাকে এবং ধীরে ধীরে বাড়তে থাকে।
সোনিয়া লেখেন, ‘এরপর ২০১০ সালে আরও গুরুতর একটি সমস্যা দেখা দেয়। স্তন ক্যানসারের সন্দেহে আমাকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়।’
সোনিয়া গান্ধী জানান, দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকদের ওপর তার পূর্ণ আস্থা ছিল। তা সত্ত্বেও ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে আলোচনায় আসুক, তা তিনি চাননি। ব্যক্তিগত অসুস্থতা নিয়ে গণমাধ্যমে আলোচনা হওয়ার বিষয়টি তাকে অস্বস্তিতে ফেলেছিল। এ কারণে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
স্মৃতিকথায় সোনিয়া লেখেন, ‘তারপরও আমি ভেঙে পড়েছিলাম এবং উদ্বিগ্ন ছিলাম। আমার ও সন্তানদের জানানো হয়েছিল, সময় নষ্ট করার সুযোগ নেই। আমার মনে তখন সম্ভাব্য ভয়াবহ পরিণতির নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল।’
তিনি আরও লেখেন, ‘আমি সব সময় নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে চেয়েছি। আমার অসুস্থতা নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা হবে—এই চিন্তাটাই আমার জন্য কষ্টদায়ক, এমনকি ক্ষোভেরও ছিল। সত্যি, আমি একজন পরিচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছি। কিন্তু তার অর্থ কি এই যে, আমার সামান্য ব্যক্তিগত গোপনীয়তাও থাকতে পারবে না?’
পরে ইতালির মিলান শহরের বাইরে ইউরোপিয়ান ইনস্টিটিউট অব অনকোলজিতে তার চিকিৎসা হয়।
সোনিয়া গান্ধী জানান, অস্ত্রোপচারের দিন তার সঙ্গে ছিলেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা, ছেলে রাহুল গান্ধী, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী, জামাতা রবার্ট ভদ্র এবং দুই বোন নাদিয়া ও আনুশকা।
অস্ত্রোপচারকক্ষে নেওয়ার সময়ের স্মৃতিচারণা করে তিনি লেখেন, ‘অস্ত্রোপচারের দিন আমাকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছিল, তখন রাহুল ও প্রিয়াঙ্কা আমার হাত ধরে রেখেছিল এবং কপালে চুমু খেয়ে সব ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেছিল।’
তিনি জানান, অস্ত্রোপচারের সময় দুটি টিউমার অপসারণ করা হয়। এর মধ্যে একটি টিউমার সন্দেহজনক ছিল না। পাশাপাশি অস্ত্রোপচারের সময়ই রেডিয়েশন থেরাপি দেওয়া হয়, যাতে তাকে পাঁচ সপ্তাহ ধরে আলাদা করে রেডিয়েশন নিতে না হয়।
স্তন ক্যানসারের অস্ত্রোপচারের পর ফলোআপ পরীক্ষায় সোনিয়া গান্ধীর অগ্ন্যাশয়ে (প্যানক্রিয়াস) আরেকটি টিউমার ধরা পড়ে। পরে তাকে নেদারল্যান্ডসের ইরাসমাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে পাঠানো হয়।
এ সময় তার মনে নানা আশঙ্কা তৈরি হয়েছিল। স্মৃতিকথায় তিনি লেখেন, ‘আমার মনে সবচেয়ে খারাপ পরিণতির চিন্তা ঘুরপাক খেতে শুরু করে। যদি এটি শরীরের অন্য অংশ থেকে ছড়িয়ে পড়া টিউমার হয়? আমি কি এই পরিস্থিতি থেকে সুস্থ হয়ে উঠতে পারব? কেমোথেরাপি নিতে হবে কি? বাড়ি ও কাজ থেকে কত দিন দূরে থাকতে হবে?’
চিকিৎসার জন্য হঠাৎ দেশ ছাড়ার বিষয়েও অস্বস্তিতে ছিলেন তিনি। প্রধানমন্ত্রী ও কয়েকজন জ্যেষ্ঠ সহকর্মী ছাড়া অন্য কাউকে বিষয়টি জানাতে পারেননি বলে নিজের অসন্তোষের কথাও তুলে ধরেছেন স্মৃতিকথায়।
তবে পরে চিকিৎসকেরা তাকে জানান, অগ্ন্যাশয়ে পাওয়া টিউমারটি ক্যানসার-পূর্ববর্তী প্রাথমিক পর্যায়ে ছিল। ফলে সেটি নিয়ে তার মনে তৈরি হওয়া আশঙ্কা অনেকটাই কেটে যায়। স্মৃতিকথায় সোনিয়া গান্ধীর এই বর্ণনায় উঠে এসেছে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার চেষ্টাও।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিভি/এইচটি/পিএইচ













মন্তব্য করুন: