• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

যেভাবে ফ্রান্সে সাইবার হামলা চালিয়েছিলো ইরানের ‘শহীদ কাবেহ’

প্রকাশিত: ১৫:১৩, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যেভাবে ফ্রান্সে সাইবার হামলা চালিয়েছিলো ইরানের ‘শহীদ কাবেহ’

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজের তাপমাত্রা দূর থেকে বাড়িয়ে দিয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট করার ঘটনায় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিটকে দায়ী করেছে ফরাসি সরকার। ‘শহীদ কাবেহ’ নামের ওই গোষ্ঠী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে যুক্ত বলে দাবি করেছে ফরাসি গোয়েন্দা সংস্থাগুলো।

সোমবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে সুপারমার্কেটগুলোর রেফ্রিজারেশন কন্ট্রোলারগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল। হামলায় মূলত ড্যানফোস এবং ডিক্সেল ব্র্যান্ডের কন্ট্রোলারগুলো টার্গেট করা হয়। এই কন্ট্রোলারগুলো সুপারমার্কেটের ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। 

এত দূর থেকে কীভাবে এই আক্রমণ চালানো হলো সেটিই উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। সাইবার এক্সপার্ট লরেন্স সিঞ্জিয়ার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ''ফ্রান্সের মূল দুর্বলতা ছিল এই ডিভাইসগুলোকে পাবলিক ইন্টারনেটে উন্মুক্ত রাখা। রাতের বেলা আক্রমণকারীরা ইন্টারনেটে উন্মুক্ত থাকা এই ইন্টারফেসগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা খুব সহজেই ডিফল্ট ক্রেডেনশিয়াল ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করতে পারে। এর মাধ্যমে তারা পুরো সিস্টেমের হিটিং ও কুলিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। একটি বোতাম টিপেই তারা সিস্টেমটিকে 'ডিফ্রস্ট' মোডে নিয়ে যেতে পারে, যার ফলে ফ্রিজারে রাখা প্রচুর খাবার নষ্ট হয়ে যায়।''

ধারণা করা হয়, ১৯৮৬ সালে ইরান-ইরাক যুদ্ধে নিহত আইআরজিসি কমান্ডার মাহমুদ কাবেহর নামে গোষ্ঠীটির নামকরণ করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার এভেঞ্জার্স ও সাইবার ইসনাদ ফ্রন্ট-এর মতো বিভিন্ন হ্যাকার গোষ্ঠীর আড়ালে কার্যক্রম পরিচালনা করে শহীদ কাবেহ। এসব গোষ্ঠী হামলার দায় প্রকাশ্যে স্বীকার করে মূল ইউনিটের পরিচয় আড়াল করতে সহায়তা করে।

তবে মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে ‘ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট’ বলে প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ তোলা হয়েছে। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইরান দ্বিধা করবে না বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে। যদিও শহীদ কাবেহ ইউনিটের অস্তিত্ব নিয়ে কোনো মন্তব্য করেনি দেশটি।
 

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত