ইরান যুদ্ধের খরচ ইসরাইলের কাছ থেকে আদায় করবেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের অস্তিত্বই থাকত না। এই বাস্তবতায় ইসরাইলকে সামরিক সুরক্ষা দেয়ার জন্য দেশটির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারই প্রথম সরাসরি ইসরাইলের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের কথা বললেন তিনি। ইসরাইলে পাশাপাশি মার্কিন সুরক্ষা পাওয়া মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর কাছ থেকেও ক্ষতিপূরণ নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমরা এসব অর্থ ফেরত পেতে যাচ্ছি। তারা এটি করতে বাধ্য, শতভাগ করবে। কারণ, আমরা না থাকলে তাদের কোনো অস্তিত্বই থাকত না। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দাবি তুলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র হামলা না চালালে ইসরায়েল পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেত।
প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করে দেয়া ট্রাম্পের এই বক্তব্য দুই দেশের দীর্ঘদিনের সামরিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এত দিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একপেশে সামরিক সহায়তা ও নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে এসেছে ইসরায়েল। এখন উল্টো সুর শোনাচ্ছেন ট্রাম্প।
এ অবস্থায় প্রশ্ন উঠছে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ কত অর্থ দিতে হতে পারে ইসরায়েলকে? মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, ১৬ অক্টোবর পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে অন্তত ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার। তবে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মেরামত খরচ এতে অন্তর্ভুক্ত হয়নি। ফলে প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে।
এই ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলারের কতটা ইসরায়েলের কাছ থেকে দাবি করা হবে, সে বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট কোনো অঙ্ক জানাননি। তবে ইসরায়েলই যেহেতু যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়েছে সে ক্ষেত্রে ক্ষতিপূরণের বড় অংশই তাদের কাছে দাবি করা হতে পারে।
ইসরায়েল ছাড়াও এই তালিকায় থাকা অন্য দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত। এর আগে জুলাই মাসেও সামরিক নিরাপত্তা দেওয়ার বিনিময়ে এসব দেশের কাছ থেকে অর্থ আদায়ের কথা বলেছিলেন তিনি।
তবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের পরিস্থিতির পার্থক্য রয়েছে। ইসরায়েল সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিয়েছিল। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর দাবি, যুদ্ধ শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের আগাম কিছু জানায়নি। বরং ইরানের পাল্টা হামলায় তাদেরই সামরিক স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
শেষমেশ সত্যিই কি ইসরায়েলের কাছ থেকে ক্ষপতিপূরণ আদায় করবেন ট্রাম্প এমন প্রশ্ন জোরালো হচ্ছে? বিশ্লেষকদের মতে, সরাসরি এই ক্ষতিপূরণ আদায় করা সহজ হবে না। তবে ইসরায়েলের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ে ট্রাম্প আগ্রহী হতে পারেন। বিশেষ করে ইসরায়েলে মার্কিন সহায়তা কমানোর বিষয়ে তার সাম্প্রতিক বক্তব্যের পর বিষয়টি নতুন গুরুত্ব পাচ্ছে।
অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানো কিংবা নতুন করে মার্কিন অস্ত্র কেনার প্রতিশ্রুতিকে যুদ্ধের ব্যয় পরিশোধ হিসেবে উপস্থাপন করতে পারে ট্রাম্প প্রশাসন। সরাসরি অর্থ আদায়ের বদলে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে ক্ষতিপূরণের দাবি বাস্তবায়নের চেষ্টা হতে পারে।
তবে বেশিরভাগ বিশ্লেষকের মতে, ট্রাম্পের এ ধরনের বক্তব্য মূলত একধরনের রাজনৈতিক বার্তা। মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর অভ্যন্তরীণ রাজনীতি সামাল দিতে ও ভোটারদের সন্তুষ্ট করার উদ্দেশ্যে তিনি এমন কথাবার্তা বলছেন।
বিভি/এইচজে













মন্তব্য করুন: