• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পাকিস্তানে পুলিশের ওপর হামলা, ডিএসপিসহ নিহত ১০

প্রকাশিত: ১৮:৪৯, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৫২, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তানে পুলিশের ওপর হামলা, ডিএসপিসহ নিহত ১০

ছবি: আরব নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি দলের ওপর সন্ত্রাসী হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও সাব-ইন্সপেক্টরসহ অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। হামলার সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। বুধবার (১১ নভেম্বর) প্রদেশটির কোহাট জেলায় এ ঘটনা ঘটে।

কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান জেব জানান, গামবাত এলাকায় অবৈধভাবে সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছিল পুলিশের একটি দল। পথে কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

নিহত ডিএসপি হায়দার জামান ও এসআই মুখতিয়ার (বা থেকে) ছবি: এক্সপ্রেস ট্রিবিউন

প্রাথমিক তথ্য অনুযায়ী, পাহাড়ের ওপর অবস্থান নিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। হামলায় গামবাতের ডিএসপি হায়দার জামান ও এসআই মুখতিয়ার নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র।

তিনি জানান, হামলাকারীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

হামলার পর কোহাটের গামবাত তহসিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলা সদর হাসপাতাল টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এসব হামলায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

বিভি/এমআর

মন্তব্য করুন: