নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭
ছবি: সিএনএন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে তিনতলা একটি মিশ্র আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে শহরের ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৯ জন হতাহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে, চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হতাহতদের মধ্যে অন্তত সাতটি শিশু রয়েছে।
উদ্ধারকাজ চললেও ধ্বংসস্তূপের নিচে আর কতজন আটকা পড়ে আছেন বা নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি উদ্ধারকর্মীরা। নিউইয়র্ক পুলিশ বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বুধবার বিকেল ৪টার দিকে ভবনটি ধসে পড়ে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজনকে উদ্ধার করছেন। তাদের স্ট্রেচারে করে এবং মই বেয়ে ধ্বংসস্তূপ থেকে বাইরে নিয়ে আসা হয়।
ভবন ধসের চার ঘণ্টার বেশি সময় পরও উদ্ধার অভিযান চলছিল। এ সময় ভবনটির আরও কোনো অংশ ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তাদের ভাষায়, পরিস্থিতি এখনো ‘অস্থিতিশীল’।
ধসে পড়া ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর গিয়ে পড়ে। এতে দুই স্থাপনার ধ্বংসস্তূপের নিচেই একাধিক মানুষ আটকা পড়েন। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার জানিয়েছেন, সেখানে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে পুরো অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সূত্র: সিএনএন
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: