• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও দেশের বাইরে যাবে না: ইরান

প্রকাশিত: ১৩:৫২, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও দেশের বাইরে যাবে না: ইরান

ইরানের সমৃদ্ধ পারমাণবিক উপাদানের একটি কণাও দেশের বাইরে নিতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে হামলা চালানো হলে তাদের কঠিন পরিনতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

বুধবার (১১ নভেম্বর) লেবাননের ইরানপন্থী টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজাই। রেজাই বলেন, “আমরা ইতিমধ্যেই পারমাণবিক শক্তিতে চালিত জাহাজ এবং সাবমেরিনের নকশা তৈরি করছি। আমাদের নিজস্ব সমৃদ্ধ জ্বালানি প্রয়োজন; ভবিষ্যতে আমরা এটি ব্যবহার করে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কথাও ভাবতে পারি। আমরা কেন এটি বিদেশে পাঠাব? সংক্ষেপে বলতে গেলে, এই সমৃদ্ধ জ্বালানির একটি কণাও ইরান থেকে বাইরে যাবে না। এর পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে থাকবে।”
 
সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, “যদি আমেরিকানরা কোনো ভুল করে এবং হামলা চালায়, তবে আমরা তাদের কাছের এবং দূরের সব ঘাটিতেই হামলা চালাবো। অর্থাৎ আমেরিকার যেসব দূরবর্তী সামরিক ঘাঁটিগুলোতে আমরা এখনো হামলা চালাইনি, সেগুলোও আক্রান্ত হবে। হয়তো আমরা এমন কিছু দ্বীপেও আঘাত হানব, যেগুলোকে তারা মনে করে আমাদের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে। এমনকি ইউরোপীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকেও যদি বিমান উড্ডয়ন করে, তবে আমরা সেসব ঘাঁটিতেও আঘাত হানতে পারি।”

২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধে ইরান কেবল ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এরপর গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় তেহরান। আর এবার রেজাইর হুঁশিয়ারিতে ইউরোপের নামও উঠে আসলো। ফলে ভবিষ্যতে দেশটির সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর পরিধি আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক ব্যবহারের জন্য। 

এর আগে রাশিয়া প্রস্তাব দিয়েছিল যে, যুক্তরাষ্ট্রের উদ্বেগ কমাতে একটি সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নেওয়া যেতে পারে। তবে রাশিয়া এও বলেছিল যে, ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার তেহরানের ওপরই। 

আইএইএ-এর প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তখন ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল ৪৪০.৯ কেজি—যা বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। তবে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর সেগুলোর অবস্থা এবং ইউরেনিয়ামের মজুত সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেয়নি ইরানি কর্তৃপক্ষ।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: