সৌদি আরবের পাশে দাঁড়ালো মিশর, পাঠালো সেনা ও যুদ্ধবিমান
ছবি: মিডল ইস্ট আই
সৌদি আরবের নিরাপত্তা জোরদারে সেনা, রাফাল যুদ্ধবিমান, হেলিকপ্টার ও পরিবহন বিমান পাঠিয়েছে মিশর। পাশাপাশি দেশটির কৌশলগত বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন এবং লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রকাশ্যে সৌদির পাশে থাকার ঘোষণা দেওয়ার আগেই এসব সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
মিশরের সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে এক স্কোয়াড্রন রাফাল যুদ্ধবিমান, আটটি হেলিকপ্টার ও চারটি বড় পরিবহন বিমান। এ ছাড়া বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে মিশরের নৌযান অবস্থান নিয়েছে। লোহিত সাগরের নৌপথের নিরাপত্তা এবং ইয়েমেনের হুতিদের হামলার আশঙ্কা থেকেই এ তৎপরতা বাড়ানো হয়েছে।
আলজাজিরা আরবির অনুসন্ধান বিভাগও গত মাসে উড়োজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করে সৌদি আকাশসীমায় মিশরের দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানের উপস্থিতি শনাক্ত করে। অন্যদিকে, মিশরের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্কাইগার্ড-আমুনসহ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনরায় মোতায়েনের তথ্যও দিয়েছেন সামরিক সূত্র।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। ফ্রান্স ২৪-কে তিনি জানান, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময় সৌদি আরবে হামলার পর কয়েক মাস আগেই সেখানে মিশরের সামরিক উপস্থিতি শুরু হয়। বর্তমানে তা আরও জোরদার করা হচ্ছে।
গত ১৭ অক্টোবর সিসি সৌদি আরবকে রক্ষায় প্রয়োজনে সেনা পাঠানোর অনুমোদন দিতে সংসদের প্রতি আহ্বান জানান। পরদিন জাতীয় প্রতিরক্ষা পরিষদ সৌদির নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতার ঘোষণা দেয়। পরে ২৬ অক্টোবর সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সিসির প্রস্তাব অনুমোদিত হয়।
তবে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে স্থল অভিযানে মিশরের সেনারা অংশ নেবে কি না, তা নিয়ে দেশটির সামরিক নেতৃত্বের মধ্যে মতবিরোধ রয়েছে। এক সামরিক সূত্রের দাবি, সিসি সৌদি অভিযানে অংশ নেওয়ার পক্ষে। লোহিত সাগর, সুয়েজ খাল ও পানিসম্পদের নিরাপত্তার পাশাপাশি সৌদির অর্থনৈতিক সহায়তাও এ সিদ্ধান্তের অন্যতম বিবেচ্য বিষয়।
গত ৩০ অক্টোবর মিশরের সংবাদমাধ্যম জানায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের ৫৩০ কোটি ডলারের আমানতের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। তবে এ অর্থনৈতিক সমঝোতার সঙ্গে সামরিক সিদ্ধান্তের সরাসরি সম্পর্কের কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি।
প্রথম সামরিক সূত্রের মতে, বিমান ও নৌ-অভিযানে হুতিদের সক্ষমতা দুর্বল হওয়ার পর বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে মিশরের স্থলসেনা যোগ দিতে পারে। তবে আরেক সামরিক কর্মকর্তার দাবি, মিশরের সামরিক নেতৃত্ব ইয়েমেনের স্থলযুদ্ধে অংশ না নেওয়ার বিষয়ে একমত হয়েছে।
ইয়েমেনে মিশরের অতীত অভিজ্ঞতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ১৯৬২ সালে দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে মিশর কয়েক হাজার সেনা পাঠিয়েছিল। দীর্ঘ ও ব্যয়বহুল ওই অভিযানে কয়েক হাজার মিশরীয় সেনা নিহত হন। ১৯৭০ সালে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়। ফলে সৌদি আরবের প্রতিরক্ষায় মিশরের সামরিক সহযোগিতা বাড়লেও ইয়েমেনে স্থলসেনা পাঠানোর বিষয়টি এখনো অনিশ্চিত।
সূত্র: মিডল ইস্ট আই
বিভি/এমইআই/পিএইচ













মন্তব্য করুন: