পাকিস্তানে ভয়াবহ হামলায় ১০ পুলিশ সদস্যের মৃত্যু, পাল্টা অভিযানে ১৮ জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে অভিযান শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। এতে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পরে পাল্টা সংঘর্ষে ১৮ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ পুলিশ সদস্য। বুধবার (১২ নভেম্বর) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলার গুম্বাত এলাকায় এ ঘটনা ঘটে। প্রাদেশিক পুলিশের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে অভিযান শেষে পুলিশ সদস্যরা ফিরছিলেন। পথে গুম্বাত এলাকায় তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এতে ১০ পুলিশ সদস্য নিহত ও ১২ জন আহত হন। পরে সংঘর্ষে ১৮ জঙ্গি নিহত হয়।
এদিকে, হামলার পর পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশজুড়ে একাধিক হামলার দায় স্বীকার করেছে। এসব হামলার মধ্যে গুম্বাত এলাকায় পুলিশের একটি বহরে হামলার ঘটনাও রয়েছে।
এর আগে কোহাটের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলার সময় জঙ্গিরা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া পুলিশের আরও দুটি গাড়ি ও একটি ব্যক্তিগত গাড়ির খোঁজ পাওয়া যাচ্ছিল না।
কোহাটের ওরাকজাই এলাকার আরেক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান, জেলার অন্য একটি স্থানে পৃথক অভিযানে টিটিপির ১০ সদস্য নিহত হয়েছেন। এ সময় জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি তৎপরতা দিন দিন বাড়ছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দাবি, আফগানিস্তান থেকে এসব জঙ্গি তৎপরতা পরিচালিত হচ্ছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।
এর আগে বুধবার কোহাট জেলায় পুলিশ সদস্যদের সঙ্গে গোলাগুলির একটি ঘটনার কথা জানায় স্থানীয় জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র। তিনি জানান, এ ঘটনায় আহত এক ডজন পুলিশ সদস্যকে চিকিৎসা দিচ্ছেন উদ্ধারকর্মীরা।
সূত্র: এফএমটি
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: