প্রথম বিশ্বযুদ্ধের অবসানের ১০৮তম বার্ষিকী, ফ্রান্সজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালন
প্রথম বিশ্বযুদ্ধের অবসানের ১০৮তম বার্ষিকী উপলক্ষে ফ্রান্সজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় স্মরণ দিবস। এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) রাজধানী প্যারিসের ঐতিহাসিক বিজয় তোরণ (আর্ক দ্য ত্রিয়ঁফ)-এ আয়োজিত কেন্দ্রীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি যুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং অজ্ঞাতনামা সৈনিকের সমাধিতে চিরন্তন শিখা প্রজ্বালনের আনুষ্ঠানিকতায় অংশ নেন।
দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে। প্রথমে ১৯৪০ সালের ১১ নভেম্বর নাৎসি জার্মানির দখলদারত্বের বিরুদ্ধে প্যারিসের শঁজেলিজে সড়ক ও তারকা চত্বরে প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের স্মরণ করা হয়। ওই দিন কয়েক হাজার শিক্ষার্থী প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবস পালনের জন্য সমবেত হয়ে জার্মান দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। ফ্রান্সের ইতিহাসে ঘটনাটি প্রতিরোধ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
এরপর মূল রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ শঁজেলিজে সড়কে সাবেক প্রধানমন্ত্রী জর্জ ক্লেমঁসোর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সামরিক বাহিনীর সদস্যদের পরিদর্শন শেষে বিজয় তোরণের নিচে অবস্থিত অজ্ঞাতনামা সৈনিকের সমাধিতে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অজ্ঞাতনামা সৈনিকের সমাধির পাশে অবস্থিত চিরন্তন শিখার আনুষ্ঠানিকতা। প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারানো অসংখ্য অজ্ঞাতনামা সৈনিকের আত্মত্যাগের স্মারক হিসেবে এই শিখা জ্বালিয়ে রাখা হয়েছে। প্রতিবছর ১১ নভেম্বর জাতীয় স্মরণ দিবসে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এবারের অনুষ্ঠানে ২০২৬ সালে ফ্রান্সের জন্য প্রাণ হারানো পাঁচ সেনাসদস্যের নামও স্মরণ করা হয়। তাদের মধ্যে জর্ডান, ইরাক ও লেবাননে দায়িত্ব পালনকালে নিহত সেনাসদস্যরা রয়েছেন। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান ও শোক প্রকাশ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট মাখোঁ এলিসে প্রাসাদে সামরিক ও দেশপ্রেমমূলক সংগঠনের প্রতিনিধি, জাতীয় পতাকাবাহী সংগঠনের সদস্য এবং সাবেক সেনাসদস্যদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
১৯১৪ সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ দীর্ঘ চার বছর ধরে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। ১৯১৮ সালের ১১ নভেম্বর জার্মানি ও মিত্রশক্তির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্রের লড়াই বন্ধ হয়। ঐতিহাসিক এই দিনটির স্মরণে ১৯২২ সালে ফ্রান্সে ১১ নভেম্বরকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়।
পরবর্তী সময়ে দিবসটির তাৎপর্য আরও বিস্তৃত হয়েছে। ২০১২ সালের আইন অনুযায়ী, প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের পাশাপাশি ফ্রান্সের জন্য প্রাণ উৎসর্গকারী অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিদেরও এদিন স্মরণ করা হয়।
১১ নভেম্বর ফ্রান্সে জাতীয় সরকারি ছুটি। এদিন সরকারি দপ্তর, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। রাজধানী প্যারিস ছাড়াও দেশটির বিভিন্ন শহর ও অঞ্চলে যুদ্ধস্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সামরিক আনুষ্ঠানিকতা, স্মরণসভা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
ফ্রান্সের জাতীয় জীবনে ১১ নভেম্বর কেবল একটি যুদ্ধবিরতির স্মারক নয়, বরং এটি জাতীয় ঐক্য, আত্মত্যাগ, মানবিক মূল্যবোধ ও শান্তির প্রতি অঙ্গীকারের প্রতীক। প্রজন্ম থেকে প্রজন্মে যুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের মাধ্যমে দিবসটি ফরাসি সমাজে বিশেষ গুরুত্ব বহন করে আসছে।
বিভি/ইএ/পিএইচ













মন্তব্য করুন: