• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মুসলিম শিক্ষার্থীদের সুদহীন ঋণ দিচ্ছে যুক্তরাজ্য

প্রকাশিত: ১১:২০, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মুসলিম শিক্ষার্থীদের সুদহীন ঋণ দিচ্ছে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

ধর্মীয় বিশ্বাসের কারণে প্রচলিত সুদভিত্তিক শিক্ষা ঋণ নিতে চান না অনেক মুসলিম শিক্ষার্থী। তাদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এবার সুদবিহীন বিকল্প ঋণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ নামের এই ব্যবস্থায় থাকছে ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়নের সুযোগ। 

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ। কিন্তু সুদের বিধিনিষেধের কারণে যুক্তরাজ্যের অনেক মুসলিম শিক্ষার্থী প্রচলিত শিক্ষা ঋণ নিতে অনিচ্ছুক। তাদের জন্যই নতুন এই বিকল্প অর্থায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার।

‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ নামে পরিচিত এই ব্যবস্থাটি ইসলামি শরিয়াহর নীতির ভিত্তিতে তৈরি করা হচ্ছে। ইসলামি বিধান অনুযায়ী সুদ গ্রহণ ও প্রদান নিষিদ্ধ। তাই প্রচলিত সুদভিত্তিক শিক্ষা ঋণের বিকল্প হিসেবে নেওয়া হয়েছে এই উদ্যোগ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন ব্যবস্থাটি চালুর সম্ভাবনা রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়।

প্রচলিত শিক্ষা ঋণে সুদ আরোপ করা হলেও নতুন ব্যবস্থায় সরাসরি সুদ নেওয়া হবে না। এর পরিবর্তে ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ বা পারস্পরিক আর্থিক সহযোগিতার নীতিতে শিক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘অবদান’ হিসেবে নেওয়া হবে।

পরিকল্পনা অনুযায়ী, শিক্ষার্থীদের পরিশোধযোগ্য অর্থ প্রচলিত শিক্ষা ঋণের সমপর্যায়ে রাখা হবে। তবে দুই ব্যবস্থার মধ্যে পার্থক্য রয়েছে অর্থ ব্যবহারের পদ্ধতিতে। প্রচলিত শিক্ষা ঋণ থেকে আদায় করা সুদ ও কিস্তির অর্থ সরকারের সাধারণ তহবিলে জমা হয়। অন্যদিকে নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের দেওয়া অর্থ পৃথক তহবিলে সংরক্ষণ করা হবে। পরবর্তী সময়ে এই তহবিল থেকে অন্য শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হবে।

সরকার জানিয়েছে, এই সুবিধা শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ থাকবে না। সব ধর্মের শিক্ষার্থীরাই চাইলে এতে অংশ নিতে পারবেন। তবে বিকল্প ব্যবস্থা গ্রহণ করলেই কেউ আর্থিকভাবে বাড়তি সুবিধা পাবেন না। প্রচলিত ঋণের মতোই পরিশোধের পরিমাণ ও সময়সূচি নির্ধারিত হবে।

ইতোমধ্যে ইউনিভার্সিটি অব ব্রিস্টল, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, নিউক্যাসল ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সম্ভাব্য শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে প্রচার শুরু করেছে। ২০২১ সালে পরিচালিত ‘মুসলিম সেন্সাস’ জরিপে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের মতামত নেওয়া হয়। জরিপে দেখা যায়, ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত শিক্ষা ঋণ গ্রহণ নিয়ে ধর্মীয় ও মানসিক দ্বন্দ্বে ভোগেন। আর ৭১ শতাংশ মনে করেন, বিদ্যমান ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের জন্য বৈষম্যমূলক।

২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার জানিয়েছিল, প্রস্তাবিত বিকল্প অর্থায়ন ব্যবস্থায় সুদ অন্তর্ভুক্ত থাকবে না। সরকার এটিকে রাষ্ট্রীয়ভাবে সমর্থিত প্রথম শরিয়াহ-সম্মত শিক্ষার্থী অর্থায়ন প্রকল্প হিসেবে বর্ণনা করেছে।তবে নতুন এই উদ্যোগ নিয়ে বিতর্কও কম নয়। সমালোচকদের আশঙ্কা, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পৃথক অর্থায়ন ব্যবস্থা চালু হলে ব্রিটিশ সমাজে বিভাজন বাড়তে পারে।

রিফর্ম পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এ উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন। তিনি এটিকে ‘জঘন্য’ এবং ‘দ্বি-স্তরীয় শিক্ষা ব্যবস্থা’ তৈরির উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে সরকার বলছে, এটি কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার প্রকল্প নয়। বরং ধর্মীয় বিশ্বাসের কারণে যারা সুদভিত্তিক ঋণ নিতে চান না, তাদের জন্য বিকল্প সুযোগ তৈরি করাই এর উদ্দেশ্য। এদিকে নতুন ব্যবস্থার আর্থিক ঝুঁকি নিয়েও আলোচনা রয়েছে। প্রচলিত শিক্ষা ঋণের বড় একটি অংশ শেষ পর্যন্ত আদায় করা সম্ভব হয় না। নতুন ব্যবস্থার ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি থাকতে পারে। এতে সরকারের পাশাপাশি করদাতাদের ওপরও আর্থিক চাপ পড়ার আশঙ্কা রয়েছে।

প্রকল্পটির উন্নয়ন ও প্রস্তুতির পেছনে ইতোমধ্যে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি ব্যয় করেছে সরকার। এ ব্যবস্থা তৈরিতে সহযোগিতা করেছে ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে। সব মিলিয়ে, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস না করে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে যুক্তরাজ্যের এই উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করলেও এর বাস্তবায়ন ও সামাজিক প্রভাব নিয়ে বিতর্ক এখনো অব্যাহত রয়েছে।
 

বিভি/এনএইচ

মন্তব্য করুন: