গাজায় ইসরাইলি হামলায় নিহত ৯, পানিতে ডুবেছে ৭০ হাজার তাঁবু
গাজায় হাসপাতালসহ বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলের খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। অন্যদিকে ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জন্য ব্যবহৃত অন্তত ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে গেছে। এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের জন্য জরুরি ভিত্তিতে জলরোধী তাঁবু সরবরাহের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসালের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দক্ষিণ গাজার পশ্চিম খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হন।
এ ছাড়া বুধবার গাজা সিটির দক্ষিণে আল-সাবরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় ৩৮ বছর বয়সী মোহাম্মদ সালেম আল-দাশ নিহত হন। মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থীশিবিরের পূর্বদিকে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারান আরও এক ফিলিস্তিনি। গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-নাসর এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন আরেকজন।
এদিকে গাজা সিটির উত্তরে শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে হামলায় অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজা সিটি থেকে আলজাজিরার সংবাদদাতা হিন্দ খুদারি জানান, ইসরাইলি হামলায় বেসামরিক মানুষ নির্বিচারে লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। বেঁচে থাকার জন্য নিত্যদিনের সাধারণ কাজ করতে গিয়েও মানুষ প্রাণ হারাচ্ছেন। পানির ট্যাংকে পানি ভরতে গিয়ে ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আল-জালা সড়কে একটি তাঁবুর ভেতরে আশ্রয় নেওয়ার সময় আল-আবসি পরিবারের দুই ভাই নিহত হয়েছেন। গাজার কোথাও এখন নিরাপদ নয়।
ইসরাইলি হামলার পাশাপাশি ভারী বৃষ্টিতে গাজার মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তের বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, সাম্প্রতিক কয়েক দিনের ভারী বৃষ্টিতে গাজায় অন্তত ১ লাখ ৬ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার তাঁবু পানিতে ডুবে গেছে। শরণার্থীশিবিরগুলোতে পয়োনিষ্কাশনের ব্যবস্থাও ভেঙে পড়েছে; উপচে পড়া শৌচাগারের বর্জ্য ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্থানে।
বেসরকারি সংস্থা ও স্থানীয় সংগঠনগুলো বলছে, এ সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ, সরঞ্জাম ও সক্ষমতা তাদের নেই। অন্যদিকে ইসরাইল জরুরি ত্রাণ প্রবেশে বিধিনিষেধ অব্যাহত রেখেছে।
জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, তাঁবু গাজায় পৌঁছাতে হলে ইসরাইলি কর্তৃপক্ষের সহযোগিতা ও অনুমতি প্রয়োজন। অর্থায়নের পাশাপাশি ত্রাণ প্রবেশের অনুমতিও জরুরি।
জাতিসংঘের মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানান, গাজায় শীতকালীন সহায়তা পাঠানোর বিষয়ে সমর্থন দেওয়া কিছু দেশ বলছে, ইসরাইলে নতুন সরকার গঠনের আগে এ উদ্যোগে অগ্রগতি সম্ভব নয়। তবে এ যুক্তিকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি। আন্তর্জাতিক আইন এবং সহায়তা পৌঁছাতে বিলম্ব, বাধা ও অর্থায়ন কমে যাওয়ার পরিণতির কথা উল্লেখ করে ফ্লেচার বলেন, এ ধরনের অজুহাত গ্রহণ করা যায় না।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত গাজার মানুষের জন্য জরুরি সহায়তা দিতে বুধবার ৫০ লাখ ইউরোর নতুন উদ্যোগ চালুর ঘোষণা দিয়েছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এ তথ্য জানিয়েছেন।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফাকে বুধবার চিকিৎসা সূত্র জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ৭৪ হাজার ৬৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭৬ হাজার ৭ জন।
এ ছাড়া ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সূত্রটি।
সূত্র: আলজাজিরা
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: