ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে মার্কিন আদালতে তলব
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলসহ কয়েকজনের বিরুদ্ধে সমন জারি করেছে যুক্তরাষ্ট্র। শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনের করা একটি মামলায় তাদের তলব করা হয়েছে। ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাদের কাছে তলবের নোটিশ বা সমন পৌঁছেও দেওয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতে জমা দেওয়া এক নথিতে পররাষ্ট্র দপ্তর সমন পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ৯ অক্টোবর ভারতীয় দূতাবাসে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। নোটটি গত ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল বলে জানা গেছে।
শিখস ফর জাস্টিসের (এসএফজে) আইনজীবী পান্নুন নিজের প্রাণনাশের ষড়যন্ত্রের অভিযোগ এনে ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলাটি করেছেন। ভারতের বিদেশি গোয়েন্দা সংস্থা ‘র’-কে যুক্ত করে তাকে হত্যার একটি পরিকল্পনা সাজানোর অভিযোগ করেছেন তিনি। এ ষড়যন্ত্রের নেতৃত্বে অজিত দোভাল ছিলেন বলেও অভিযোগ তার।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে, কূটনৈতিক নোট পাঠানো একটি প্রক্রিয়াগত পদক্ষেপ। চলমান দেওয়ানি মামলার বিষয়ে এটি কোনো অবস্থান নির্দেশ করে না। তবে পান্নুনের মামলাকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগও ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে দেশটি।
পান্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তের পর দেওয়ানি মামলাটি করা হয়। ওই ষড়যন্ত্রে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাকে মাদক ও অস্ত্র চোরাকারবারি হিসেবে বর্ণনা করা হয়েছে।
২০২৩ সালের জুনে প্রাগে গ্রেফতারের পর গুপ্তাকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হয়। মার্কিন বিচার বিভাগ তার বিরুদ্ধে পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনে। অভিযোগ অনুযায়ী, এ কাজে ‘র’-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে চিহ্নিত বিকাশ যাদব ও অন্য ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে কাজ করেছিলেন গুপ্তা।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে গুপ্তা তিনটি অভিযোগে দোষ স্বীকার করেন। অভিযোগগুলো হলো- অর্থের বিনিময়ে হত্যার জন্য লোক নিয়োগ, এ ধরনের হত্যার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্র। চলতি মাসের শেষের দিকে তার সাজা ঘোষণার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ এ ষড়যন্ত্রে যাদব ও গুপ্তার সরাসরি যোগাযোগের অভিযোগসংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডটি বাস্তবায়নের জন্য গুপ্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন যাদব।
‘র’-এর সাবেক জুনিয়র কর্মকর্তা যাদব ২০০৮ সালে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীতে (সিআরপিএফ) যোগ দেন। পরে তাকে ক্যাবিনেট সচিবালয়ে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার বিরুদ্ধে অভিযোগ আনে। বর্তমানে ভারতের একটি আদালতেও তার বিরুদ্ধে মামলা চলছে। মার্কিন তদন্তের পর কথিত হত্যার ষড়যন্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের উত্থাপিত প্রমাণ ও বিষয়গুলো পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে ভারত সরকার।
২০১৯ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পান্নুনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। একই বছর বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর আওতায় এসএফজেকে বেআইনি সংগঠন ঘোষণা করা হয়।
এসএফজে ও এর সদস্যরা খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত এবং যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম রয়েছে। ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান এবং ভারতে হামলার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে সংগঠনটির বিরুদ্ধে। পান্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্র এবং ২০২৩ সালে কানাডায় ভারতের তালিকাভুক্ত আরেক ‘সন্ত্রাসী’ হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নয়াদিল্লির জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।
ভারত বরাবরই কথিত এসব ষড়যন্ত্রের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছে। তবে নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ তোলার পর অটোয়ার সঙ্গে নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে।
নয়াদিল্লির দাবি, ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ কানাডা তাদের দেয়নি। পরবর্তী সময়ে দুই দেশই নিজ নিজ কূটনৈতিক মিশন থেকে কূটনীতিকদের বহিষ্কার ও প্রত্যাহার করে নেয়।
বিভি/এসজি













মন্তব্য করুন: