ধ্বংসস্তূপের গাজায় কোরআনের আলো, হাফেজ হলেন ১ হাজার নারী-পুরুষ
ছবি: সংগৃহীত
যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি আর চরম মানবিক সংকটের মধ্যেও থেমে নেই পবিত্র কোরআন মুখস্থ করার কার্যক্রম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার নারী-পুরুষকে সম্মাননা দিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি গাজা সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী হাফেজদের হাতে সনদ ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা আল-রায়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলজেরিয়ার দাতব্য সংস্থা আল-বারাকা অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজন করে মন্ত্রণালয়।
অনুষ্ঠানের আগে গাজার বিভিন্ন বয়সী হাফেজ-হাফেজারা পবিত্র কোরআন হাতে নিয়ে শহরের রাস্তায় শোভাযাত্রায় অংশ নেন। ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশনের মধ্য দিয়ে তারা শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। যুদ্ধের ক্ষতচিহ্ন আর ধ্বংসস্তূপের পাশ দিয়ে তাদের এই পদযাত্রা যেন জানান দেয়, প্রতিকূলতার মধ্যেও থেমে নেই কোরআনের শিক্ষা ও চর্চা।
অনুষ্ঠানে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম বলেন, এক হাজার হাফেজকে সম্মাননা জানানো কেবল পুরস্কার বিতরণ নয়; বরং এটি ধৈর্য, অধ্যবসায় ও নিষ্ঠার এক হাজার গল্পের উদ্যাপন। কঠিন পরিস্থিতিতেও ফিলিস্তিনে কোরআনের শিক্ষা ও সংরক্ষণের ধারাবাহিকতা বজায় থাকার প্রমাণ এই অর্জন।
তিনি হাফেজদের উদ্দেশে বলেন, কোরআন মুখস্থ করাই শেষ লক্ষ্য নয়, বরং এটি নতুন একটি যাত্রার সূচনা। কোরআনের আয়াতের অর্থ বোঝা, তা নিয়ে চিন্তা করা এবং জীবনে এর শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সন্তানদের কোরআন অধ্যয়ন অব্যাহত রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
আল-বারাকা অ্যাসোসিয়েশনের সভাপতি শাদি জেনিনা বলেন, যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজার মানুষের কোরআন মুখস্থ করার অদম্য আগ্রহ প্রশংসনীয়। কোরআন হিফজ কার্যক্রম অব্যাহত রাখতে সংগঠনটির সহযোগিতা ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে হাফেজদের পক্ষ থেকে বক্তব্য দেন গাজা উপত্যকায় প্রথম স্থান অর্জনকারী হিবা আল-হিমস। তিনি বলেন, কোরআনের ধারক-বাহকদের সম্মান জানানো মানে শুধু পুরস্কার বা স্বীকৃতি দেওয়া নয়; বরং যারা আল্লাহর কিতাবকে জীবনের সঙ্গী ও পথচলার আলো হিসেবে গ্রহণ করেছেন, তাদের সম্মান জানানো।
তিনি আরও বলেন, কোরআন মুখস্থ করা কোনো চূড়ান্ত গন্তব্য নয়; বরং এটি নতুন দায়িত্ব ও অঙ্গীকারের শুরু। কোরআনের অর্থ বোঝা, বিধান অনুসরণ করা এবং এর শিক্ষার আলোকে নিজের চরিত্র গঠন করা জরুরি।
এ বছর উত্তীর্ণ হাফেজদের দলটির নামকরণ করা হয়েছে প্রয়াত ঈসা আল-সায়েহের নামে। তিনি আলজেরিয়ার বুইরা প্রদেশে আল-বারাকা অ্যাসোসিয়েশনের আঞ্চলিক শাখার সাবেক প্রধান ছিলেন। কোরআনের খেদমত ও জনকল্যাণমূলক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ তার নামে এই নামকরণ করা হয়।
যুদ্ধের কারণে গাজায় শিক্ষা ও সামাজিক জীবন মারাত্মকভাবে বিপর্যস্ত। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা ওসিএইচএর এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের শুরুতে ভারী বৃষ্টিতে গাজার শতাধিক অস্থায়ী শিক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক হাজার শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। একই সময়ে বৃষ্টিতে ৪০ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও জানিয়েছে সংস্থাটি।
এমন পরিস্থিতিতে এক হাজার হাফেজকে সম্মাননা জানানোর আয়োজনটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; বরং যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও শিক্ষা, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য ধরে রাখার এক অনন্য প্রচেষ্টা।
সংবাদসূত্র:
১. ILKHA News Agency
২. BD Global Times
বিভি/এনএইচ













মন্তব্য করুন: