• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হুথি বিদ্রোহীদের ঠেকাতে ৬৬১টি হামলা করেছে ইয়েমেনের সেনাবাহিনী

প্রকাশিত: ১০:৩৮, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হুথি বিদ্রোহীদের ঠেকাতে ৬৬১টি হামলা করেছে ইয়েমেনের সেনাবাহিনী

ছবি: আলজাজিরা

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রার মধ্যে তাদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় হুথি যোদ্ধাদের ১৭৩ জন হতাহত হয়েছেন বলে জানিয়েছে তারা। দেশটির বিভিন্ন রণাঙ্গনে সরকারি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে ১৫টি বিমান হামলা, ৫২৬টি গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি বলেন, এসব হামলায় হুথিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তাদের বিভিন্ন কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং সুরক্ষিত অবস্থানেও হামলা চালানো হয়েছে।

তিনি জানান, জনপ্রতিরোধ বাহিনীর সহযোগিতায় সরকারি সেনারা তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুথিদের তৎপরতা মোকাবিলা করছেন। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনগুলোতেও অভিযান চলছে।

ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, অভিযানের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক তৎপরতা অব্যাহত থাকবে। তবে বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হচ্ছে।

সরকারপন্থী বাহিনীর একের পর এক সামরিক বিপর্যয়ের পর নতুন করে এসব অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি বাব আল-মান্দেব প্রণালির কাছের কয়েকটি কৌশলগত অবস্থান থেকে পিছু হটে সরকারি বাহিনী। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনের প্রতিরক্ষা জোরদার করতে সেনারা নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করছে।

আল-জাজিরার সাংবাদিক ইউসুফ মাওরি জানিয়েছেন, লোহিত সাগর উপকূল বরাবর সরকারি বাহিনীর গুরুত্বপূর্ণ একটি সরবরাহপথ বিচ্ছিন্ন করে দিয়েছে হুথিরা। এতে কয়েকটি অবস্থান ছেড়ে যেতে বাধ্য হয়েছে সরকারি সেনারা। পাশাপাশি এডেনের দিকে হুথিদের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কাও বাড়ছে।

সামরিক উত্তেজনার মধ্যেই হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা এবং তাদের কর্মকাণ্ড, অর্থায়ন ও অস্ত্র সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করার একটি বিল সর্বসম্মতিক্রমে পাস করেছে ইয়েমেনের পার্লামেন্ট।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়েছে, বিলটিতে হুথিদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার বিধান রাখা হয়েছে। পাশাপাশি সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করার সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা, স্থলমাইন পুঁতে রাখা এবং আন্তর্জাতিক নৌযানে হামলার মতো অপরাধের জন্য আরও কঠোর শাস্তির বিধান রয়েছে বিলটিতে।

আইন হিসেবে কার্যকর করার জন্য বিলটি এখন ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমির কাছে পাঠানো হবে।

গত ৫ অক্টোবর হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে সরকারি বাহিনী। রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা পুনর্দখলের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই অভিযানের ছয় সপ্তাহের মাথায় সর্বশেষ এসব সামরিক ও রাজনৈতিক অগ্রগতি সামনে এল।

সূত্র: আলজাজিরা

বিভি/আলজাজিরা/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত